
শেষ আপডেট: 24 July 2023 10:19
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পঞ্চায়েত অফিসে কোনওভাবে আটকে পড়েছিল একটি পথকুকুর (Street Dog Help) । দফতরের ল্যান্ড লাইন (Landline) থেকে উপপ্রধানকে ফোন করে কেঁদেকেটে সাহায্য চাইল সেই অবোলাপ্রাণী। পথকুকুরের এমন বুদ্ধি দেখে গুপ্তিপাড়ার সকলেই অবাক।
হুগলির গুপ্তিপাড়া-১ নং গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান বিশ্বজিৎ নাগের কাছে শনিবার একটি ফোন আসে। পঞ্চায়েতের ল্যান্ড লাইন নম্বর থেকে ফোন আসায় অবাকই হন তিনি। কারণ পঞ্চায়েত অফিস তখন বন্ধ ছিল। ফোন তুলে দু'তিনবার হ্যালো বলেও কোনও সারাশব্দ পাননি বিশ্বজিৎবাবু। কিছুক্ষণ চুপ থাকার পর একটি কুকুরের কান্না ভেসে আসে তাঁর কানে। প্রথমে বিষয়টি ঠাওর করতে পারেননি বিদায়ী উপপ্রধান। তবে ব্যাপারটা জানতে কৌতুহলী হয়ে ওঠেন।
বিশ্বজিৎ বলেন,তাঁর মোবাইলের সঙ্গে পঞ্চায়েতের ফোনটি হটলাইন করা আছে। কেউ হাত দিলেই মেসেজ চলে আসে। কুকুরটি কোনওভাবে ফোনটির হটলাইন ডায়াল করে বসে। নিজস্ব ভঙ্গিতে জানাতে চাইছিল, সে আটকে পড়েছে, সাহায্যের দরকার। পরে সেখানে গিয়ে তাকে উদ্ধার করেছি।
গুপ্তিপাড়া-১ পঞ্চায়েত অফিসের সামনে সব সময় এগারোটি কুকুর থাকে। তাদের মধ্যে একটি কোনওভাবে ঘরে আটকে পড়ে। রাত হয়ে গেলে সে বুঝতে পারে দল ছুট হয়ে ঘরে আটকে পড়েছে। বেরনোর কোনও উপায় না পেয়ে বুদ্ধি করে ফোনে সংকেত দেয়। পথকুকুরের এমন কাণ্ডে গ্রামের লোকজনও অবাক।
নিকো পার্কে জয়রাইডে চড়ার লাইন নিয়ে বচসা, কর্মীকে বেধড়ক মার!