
শেষ আপডেট: 15 May 2023 15:44
দ্য ওয়াল ব্যুরো: সন্ধে তখন সবে নামছে। হঠাৎই আকাশ যেন অন্যান্য দিনের চেয়ে বেশিই কালো করে এল। সঙ্গে শীতল বাতাস গায়ে লাগতেই বোঝা গেল যে ঝড় আসছে। অফিস ফেরত কর্মীরা তখন বাড়ি ফেরার জন্য রীতিমতো দ্বিগুণ গতিতে পা চালানো শুরু করেছেন। কিন্তু সময় না দিয়ে তারমধ্যেই শুরু হল ধুলোর ঝড়। আর তার মিনিট কয়েকের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বাদ গেল না কলকাতাও (storm in Kolkata)।
সোমবার, বৈশাখের শেষ দিনে কালবৈশাখী দেখল শহর-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। আর এই ঝড়ে রীতিমতো লন্ডভন্ড অবস্থা হল। যার ফলে ভুগতে হল সাধারণ মানুষকে। মধ্য কলকাতার চাঁদনি চক এলাকা সপ্তাহের প্রথমদিনে ভীষণই ব্যস্ত থাকে। মূলত অফিস পাড়া হলেও কলকাতার অন্যতম বড় বৈদ্যুতিক জিনিসপত্রের বাজার বসে এই এলাকাতেই। সেখানেই ঝড়-বৃষ্টির চোটে একেবারে তছনছ অবস্থা হল।
সন্ধেবেলা ওই ঝড়ের বেগে একেবারে বড় রাস্তার উপর ভেঙে পড়ে গাছ। যার ফলে বিঘ্ন ঘটে যানবাহন চলাচলে (traffic service)। ট্রাম লাইনে গাছ ভেঙে পড়ার কারণে বন্ধ হয়ে যায় ট্রাম যাতায়াতও। বড় রাস্তার একপাশ দিয়ে কোনওরকমে গাড়ি চলাচল করছিল। পরে যদিও দমকল কর্মীরা এসে সেই গাছ সরানোর কাজ শুরু করে। অন্যদিকে ভিক্টোরিয়ার কাছেও একটি চারচাকার উপরে ভেঙে পড়েছে গাছ। গাড়িতে থাকা এক মহিলা ও এক শিশু যদিও নিরাপদ অবস্থায় পরে গাড়ি থেকে বেরিয়ে আসে।
ভোগান্তির এখানেই শেষ নয়। এদিন কালবৈশাখীর জেরে বিঘ্ন ঘটে ট্রেন (train) চলাচলেও। ওভারহেডের তার ছেড়ে বিপত্তি দেখা যায় হাওড়া লাইনে। হিন্দমোটর ও কোন্নগর স্টেশনের মাঝে তার ছিঁড়ে দাঁড়িয়ে যায় আরামবাগগামী লোকাল ট্রেন। প্রায় দু'ঘণ্টা ধরে সেই ট্রেন একই জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে চূড়ান্ত সমস্যায় পড়তে হয় যাত্রীদের। অন্যদিকে, শিয়ালদহ দক্ষিণ শাখায় ওভারহেডের তার ছিঁড়ে গিয়ে দীর্ঘক্ষণ বন্ধ থাকে রেল পরিষেবা। ফলত বাড়ি ফিরতে গিয়ে রীতিমতো নাকাল হন অফিস ফেরত যাত্রীরা।