দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: পোস্ট অফিসের ভিতর পার্সেল ফেটে তীব্র আতঙ্ক সৃষ্টি হল শিলিগুড়িতে। মঙ্গলবার দুপুরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ওই পোস্ট অফিস ও আশেপাশের এলাকা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। পার্সেলটি বাইরের রাজ্য থেকে এসেছিল। যার নামে পার্সেলটি এসেছিল তাকে আটক করেছে পুলিশ।
চম্পাসারির প্রধাননগর পোস্ট অফিসের ভিতর এ দিন দুপুরে আচমকাই ফেটে যায় একটি পার্সেল। বিকট শব্দে চমকে ওঠেন পোস্ট অফিসের কর্মচারীরা। আশেপাশের এলাকা থেকেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। আর তা শুনেই পোস্ট অফিসের দিকে ছুটে যান এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশ। পার্সেলের মধ্যে কী রাখা ছিল তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। পরে জানা যায় এয়ারগানের গুলি ছিল ওই পার্সেলের মধ্যে।
কর্মীদের বাইরে বার করে এনে পোস্ট অফিসের কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়। কী ধরণের বিস্ফোরক তা জানতে ঘটনাস্থলে নিয়ে আসা হয় স্নিফার ডগ। তীব্র আতঙ্ক সৃষ্টি হয় গোটা এলাকায়। পোস্ট অফিসের কর্মীরা কেউ হতাহত হননি। কিন্তু আচমকা এমন ঘটনায় রীতিমতো বিহ্বল হয়ে পড়েন তাঁরা।
ডিসিপি জোন টু কুনওয়ার ভূষণ সিং জানান, পার্সেলটি অমৃতসর থেকে এসেছিল। যার কাছে পার্সেলটি পৌঁছনোর কথা ছিল তাকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ধৃতের নাম অনুপ তামাং। বাড়ি দার্জিলিং মোড় এলাকা। পার্সেলটির মধ্যে এয়ারগানের গুলি ছিল।