দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার : শনিবারের সকালে সবই চলছিল চেনা ছকে। হঠাৎ করেই তাল কাটল। আতঙ্কের শহর হয়ে উঠল মেখলিগঞ্জ। থানার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির উপর হামলা চালাল যুবক। ধারালো অস্ত্র হাতে ওই যুবককে পুলিশের গাড়িতে এলোপাথাড়ি কোপ মারতে দেখে তীব্র চাঞ্চল্য ছড়াল মেখলিগঞ্জ থানায়।
শনিবার ঘড়ির কাঁটায় তখন সাড়ে দশটায়। আচমকাই এক যুবক হাতে ধারালো দা নিয়ে থানার সামনে এসে ঘোরাঘুরি করতে শুরু করে। থানার সামনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা কিছু বোঝার আগেই থানার সামনে দাঁড়িয়ে থাকা দুটি পুলিশ ভ্যানের সমস্ত কাচ টুকরো টুকরো করে ভেঙে দেয়। দা হাতে তার রণংদেহী মূর্তি দেখে প্রথমে পুলিশকর্মীরা কেউ এগোতে পারছিলেন না। দূর থেকে বারবার তাঁরা সাবধান করছিলেন ওই যুবককে। কিন্তু সে কথা কানে নেয়নি ওই যুবক।
অবশেষে সুকৌশলে পুলিশ বাহিনী ওই যুবককে ঘিরে ফেলে। তার হাত থেকে কেড়ে নেওয়া হয় দা। তারপরেই গ্রেফতার করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এখনও ওই যুবকের পরিচয় জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায় মেখলিগঞ্জ শহর জুড়ে।
কেন ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালালো তা এখনও পরিষ্কার নয়। তবে পুলিশের একটি সূত্রের খবর যুবকটি সম্ভবত মানসিক ভারসাম্যহীন।
জেলার পুলিশ সুপার সন্তোষ নিম্ভলকার জানিয়েছেন ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তার বাড়ি মেখলিগঞ্জ মহাকুমার কুচলিবাড়ি এলাকায়। বাড়িতে খবর পাঠানো হয়েছে।