দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: নাবালিকাকে অ্যাসিড ছুড়ে মারার হুমকি দেওয়া ও মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বুদ্ধদেব মাঝি। বাড়ি পূর্ববর্ধমানের গুসকরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাগদিপাড়ার চোঙদার মোচপুকুরে। পুলিশ তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় পাড়ার একটি দোকানে খাতা কিনতে গিয়েছিল ওই নাবালিকা। সে সময় তার রাস্তা আটকে দাঁড়ায় ওই তরুণ। কুপ্রস্তাব দেয়। তাতে নাবালিকা সাড়া না দেওয়ায় কোমরের বেল্ট খুলে নিয়ে ওই নাবালিকার উপর ঝাঁপিয়ে পড়ে ওই তরুণ। রাস্তার ফেলে মারধর করে। অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এলাকার মানুষ ছুটে এলে পালিয়ে যায় ওই যুবক। ওই কিশোরী বাড়ি ফিরে সব কথা জানালে পুলিশে অভিযোগ দায়ের করে তার বাবা। সেই রাতেই বাগদিপাড়ার বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে গুসকরা থানার পুলিশ।
ওই নাবালিকার বাবা জানান, তাঁর মেয়ে গুসকরা বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বেশ কিছুদিন ধরেই ওই যুবক তাঁর মেয়েকে নানাভাবে উত্যক্ত করত। প্রেমের প্রস্তাব দিয়েছে বেশ কয়েকবার। তাতে সাড়া না মেলায় শনিবার রাস্তার উপর তাকে ধরে মারধর করে। তিনি বলেন, ‘‘সেদিন রাস্তায় বুদ্ধদেব আমার মেয়েকে বলে মুখে অ্যাসিড মেরে রূপের অহংকার ঘুচিয়ে দেব। মেয়েকে এবং আমাকে প্রাণে মারারও হুমকি দেয়। আমার মেয়েকে বেল্ট দিয়ে মেরে জখম করে। মেয়ের চিকিৎসা চলছে।’’
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার রাতে গ্রেফতারের পরে ধৃতকে রবিবারই আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।