দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: একদিনের পুজো। তাতে কী! এই একদিনের পুজোকে ঘিরেই গ্রামে মেলা বসে। উৎসবের চেহারা নেয় গোটা এলাকা। আনন্দে মেতে ওঠে আট থেকে আশি। কিন্তু এবার সব উধাও। সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই কোনওরকমে ঐতিহ্যবাহী রক্ষাকালীর পুজো সারলেন আউশগ্রামের করোটিয়া গ্রামের মানুষ।
করোটিয়া গ্রামের রক্ষাকালী পুজো বেশ প্রাচীন। বটগাছের তলায় প্রতি বছর পুজোর আয়োজন করা হয়। পাশের মাঠে বসে মেলা। কিন্তু এবার করোনা ভাইরাস রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। তাই পুজো কমিটির পক্ষ থেকে আগেই ঢ্যাঁড়া পিটিয়ে গ্রামের মানুষকে জানিয়ে দেওয়া হয় পুজো প্রাঙ্গণে জমায়েত করা যাবে না। তবে পুজো বন্ধ হবে না। পুজো হবে। তা অনাড়ম্বর ভাবে। কোনও জাঁকজমকের আয়োজন করা হবে না। পুজো কমিটির আবেদনে সাড়াও মেলে। শুক্রবার পুজোর আঙিনায় জমায়েত করেননি মানুষ। যে যার মতো এসে পুজো দিয়ে প্রণাম করে ঘরে ফিরে গেছেন।
পুজো কমিটির ম্যানেজার প্রবীর সাহা বলেন, ‘‘আমাদের গ্রামে বরাবরই রক্ষাকালীর পুজো খুব ধূমধাম করে হয়। শুধু এই গ্রাম নয়, আশেপাশের বহু এলাকা থেকে আসেন মানুষজন। এই একদিন মহাভোগেরও ব্যবস্থা হয়। মেলা বসে। এ বছর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই আমরা সমস্ত কিছু বন্ধ রেখেছি। শুধু নিয়মরক্ষায় পুজোটা করছি।’’ গ্রামের মানুষজনও এ ব্যাপারে তাঁদের সাহায্য করছেন বলে জানান প্রবীরবাবু।
করোটিয়া গ্রামের বাসিন্দা বুদ্ধদেব চক্রবর্তী বলেন, ‘‘কিছুতো করার নেই। এই মারণ ভাইরাসের কবল থেকে সবাইকে বাঁচতে হবে। তাই এ বার শুধু নিয়মরক্ষার পুজো হল। সব ঠিক হয়ে গেলে আবার সামনের বছর ঘটা করে পুজো করব আমরা।’’