শেষ আপডেট: 5 February 2020 08:35
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ৩২ কেজি গাঁজা সমেত তিন মহিলাকে পাকড়াও করল ব্যান্ডেল জিআরপি। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আলো রায়, শিখা সরকার ও পুষ্প হালদার। তিনজনই হুগলির বলাগড়ের বাসিন্দা।
জিআরপির ডিএসপি হেড কোয়ার্টার শিশির মিত্র জানান, ওড়িশা থেকে গাঁজা পাচারের সময় পুলিশের জালে ধরা পড়ে ওই তিনজন। মঙ্গলবার ওড়িশা থেকে বাসে করে তারা হাওড়া আসে। হাওড়া থেকে ট্রেনে করে ব্যান্ডেল স্টেশনে নামে। কাটোয়া লোকালে ওঠার জন্য অপেক্ষা করার সময় ওই তিনজনকে পাকড়াও করে রেল পুলিশ। শিশিরবাবু বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই সেখানে অপেক্ষায় ছিল পুলিশ। তিন মহিলাকে আটক করে তাদের ব্যাগ তল্লাসি করতেই বেরিয়ে পরে বিপুল পরিমাণ গাঁজা। তিনজনকেই গ্রেফতার করে ব্যান্ডেল জিআরপি। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে তোলা হবে।”
গাঁজা পাচারে মহিলাদের কাজে লাগানো পাচার চক্রের নতুন কৌশল বলে মনে করছেন তদন্তকারীরা। ওড়িশা-ঝাড়খণ্ড থেকে গাঁজা পাচার হয় বাংলায়। মহিলারা সেই কাজ করলে পুলিশের সন্দেহের অবকাশ কম থাকে। তাই এই কাজে মহিলাদের ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন তদন্তকারীরা।