দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: প্রাণী দেহাংশ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল বন দফতরের টাস্কফোর্স। ডুয়ার্সে অভিযান চালিয়ে গ্রেফতার করা হল তিন আন্তর্জাতিক প্রাণী দেহাংশ পাচারকারীকে। উদ্ধার হল গন্ডারের শিং ও হাতির দাঁত।
বনদফতরসূত্রে খবর, অসম থেকে প্রাণী দেহাংশ ডুয়ার্সে এনে তা নেপালে পাচারের চেষ্টা করছিল তিন পাচারকারী। একটি চার চাকার গাড়িতে চেপে গলায় প্রেস কার্ড ঝুলিয়ে সাংবাদিক সেজে গন্ডারের শিং ও হাতির দাঁত পাচারের চেষ্টা করেছিল দলটি। কিন্তু গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকারীদের ধরে ফেলেন বনদফতরের আধিকারিকরা। ধৃতদের নাম অর্জুন তেওয়ারি, সুভাষ ছেত্রী ও পিটার রাই। ধৃত অর্জুন ভুটানের নাগরিক বলে জানা গেছে। সুভাষ সিকিমের এবং পিটার জয়গাঁর বাসিন্দা বলে বনদফতর সুত্রে খবর।
টাস্কফোর্সের প্রধান সঞ্জয় দত্ত বলেন, “গোপন খবর পেয়েই আধিকারিকদের সঙ্গে বসে পাচারকারীদের পাকড়াও করার ছক তৈরি করি। সেই অনুযায়ী শুক্রবার রাতে আমরা মালবাজারে অভিযান চালিয়ে তিন আন্তর্জাতিক পাচারকারীকে গ্রেফতার করি। এদের কাছ থেকে গন্ডারের শিং ও হাতির দাঁত উদ্ধার হয়েছে। মোবাইল ফোন ও প্রেসকার্ডও মেলে। প্রেস কার্ড গলায় ঝুলিয়ে প্রাণী দেহাংশ পাচার করছিল এরা। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।"