দ্য ওয়াল ব্যুরো: পুলিশের বিরুদ্ধে তাঁর স্বামীকে খুনের মামলা দায়ের করলেন উলেন রায়ের স্ত্রী মালতী রায়। এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এদিকে দিনভর অপেক্ষার পরেও বুধবার দ্বিতীয়বার ময়নাতদন্ত করে উলেন রায়ের দেহ তাঁর পরিবারের হাতে তুলে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতৃত্ব।
বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, ‘‘মঙ্গলবারই জলপাইগুড়ি আদালত দ্বিতীয়বার উলেন রায়ের দেহ ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী সকাল থেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহ নেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন তাঁর পরিবার। কিন্তু গোটা দিন অপেক্ষার পরেও এ দিন উলেনবাবুর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি।’’
মঙ্গলবার উত্তরকন্যা অভিযানে নিহত বিজেপি কর্মী উলেন রায়ের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তে করার নির্দেশ দেয় জলপাইগুড়ি আদালত। উলেন রায়ের দিদি ওইদিন আদালতে জানান, সত্য লুকোতে গভীর রাতে তাঁর ভাইয়ের ময়নাতদন্ত হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতেই মঙ্গলবার জলপাইগুড়ি আদালত নির্দেশ দিয়েছে আবার ময়নাতদন্ত করতে হবে উলেন রায়ের দেহের।
আদালতের নির্দেশ, তিনজন চিকিত্সকের উপস্থিতিতে এই ময়নাতদন্ত করতে হবে। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করতে হবে। ১১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। সেই অনুযায়ী এ দিন সকাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে উপস্থিত হন তাঁর পরিবারের সদস্যরা। ছিলেন জলপাইগুড়ির সভাপতি বাপী গোস্বামী এবং সাংসদ ডাক্তার জয়ন্তকুমার রায় সহ অন্যান্য বিজেপি নেতারা।
তবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, কলকাতা থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন শিলিগুড়িতে। তাঁরাই এই ময়নাতদন্ত করবেন। তাঁদের আসার অপেক্ষাতেই রয়েছে প্রশাসন।