দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: নিউ নর্মাল পর্বে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মঙ্গলবার সকাল থেকে শ্রী শ্রী সারদা মায়ের ১৬৮ তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে জয়রামবাটি মাতৃমন্দিরে। এই বিশেষ দিনটিতে ভোর থেকে মাতৃ মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে বিশেষ এই দিনটি পালন শুরু হয়েছে। সারাদিন ধরে চলছে পুজো-সহ নানা অনুষ্ঠান।
১৮৫৩ সালের ২২ ডিসেম্বর (বাংলা ১২৬০ সালের ৮ পৌষ) অগ্রহায়ণ কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সারদাদেবীর জন্ম। তাঁর পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মা শ্যামাসুন্দরীদেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। সারদাদেবীর পরিবার বংশানুক্রমে ভগবান উপাসক ছিলেন। সারদাদেবী ছিলেন তাঁদের প্রথম সন্তান। পরে হুগলির কামারপুকুরের গদাধরের সঙ্গে তাঁর বিয়ে হয়।
শ্রীশ্রী সারদামায়ের জন্মতিথি উপলক্ষে জয়রামবাটিতে এখন উৎসবের মেজাজ। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী হাজির হয়েছেন মাতৃ মন্দিরে। সব মিলিয়ে ভক্তি, শ্রদ্ধা আর উৎসবের মেজাজে এদিনের এই বিশেষ দিনটি শুরু হয়েছে এখানে।
তবে কোভিড পরিস্থিতির কারণে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছেন মাতৃমন্দির কর্তৃপক্ষ। প্রতিটি দর্শনার্থীর ফেস মাস্ক, হ্যাণ্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পরস্পরের মধ্যে ন্যুনতম ৬ ফুট দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নাট মন্দিরে প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে প্রসাদ বিতরণও।
এই বিধিনিষেধ মেনেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা বিশেষ পুজাপাঠে যেমন অংশ নিচ্ছেন তেমনি মায়ের বাড়ি, মাতৃ মন্দির ঘুরে দেখছেন তাঁরা। ভক্তি ভরে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রী শ্রী সারদামাকে।