দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: মিডডে মিলের চাল আলু বিলি নিয়ে তুমুল বচসা বাধল অভিভাবক ও শিক্ষকদের মধ্যে। উলুবেড়িয়া হাইস্কুলে এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায়। তার জেরে বন্ধ হয়ে যায় চাল ও আলু বিলি। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া হাইস্কুলে চাল আলু বিলি শুরু হতেই বেশ কিছু অভিভাবক দাবি এসে তোলেন এপ্রিল মাসের গোড়ায় যখন চাল-আলু দেওয়া হয়েছিল, তখন তাঁরা নেননি। তাই সেই অংশটাও তাঁদের দিতে হবে। এই নিয়ে স্কুলের শিক্ষকদের সঙ্গে বচসা বেধে যায় তাঁদের। স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক কাঞ্চনকুমার মাইতি বলেন, ‘‘এপ্রিল মাসের প্রথম দিকে একবার ছাত্রছাত্রীদের জন্য আমরা চাল আলু বিলি করি। তখন কিছু অভিভাবক নিতে আসেননি। সেই সমস্ত চাল-আলুর হিসেব আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। এবার আবার নতুন করে চাল আলু বরাদ্দ হয়েছে। সেই চাল-আলুই আমরা বিলি করছি। আগের চাল-আলু এখন চাইলে আমরা পাব কোথায়?’’
তিনি জানান, এই কথাটিই অভিভাবকদের একটা অংশ বুঝতে চাইছিলেন না। স্কুলের সামনে হইচই শুরু করেন তাঁরা। পরে পুলিশ এসে বোঝানোয় তবে সমস্যার সমাধান হয়। এরপর ফের অভিভাবকদের চাল-আলু দেওয়া হয়।