দ্য ওয়াল ব্যুরো, মালদহ : করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে প্রশাসন। সেই নির্দেশ উপেক্ষা করেই করোনা নিয়ে সচেতন করতে বহু মানুষের জমায়েত করল বিজেপি। আর মাস্ক বিলি ঘিরে সেখানেই চরম বিশৃঙ্খলা, হুড়োহুড়ি। এমনকি বিলি করার সামগ্রীও লুটপাট হয়ে গেল চোখের সামনে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে মানিকচকের মথুরাপুরে। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে পড়ে যে শেষপর্যন্ত কর্মসূচি ছেড়ে চলে যেতে হয় বিজেপির নেতা কর্মীদের।
বিজেপির তরফ থেকে এদিন করোনা রুখতে সচেতনতা শিবির করা হয় মথুরাপুরে। এখানেই মাস্ক ও স্যানেটাইজার বিলির কর্মসূচি নিয়েছিল বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ-সভাপতি সন্তোষ মণ্ডল, জেলা বিজেপি নেতা অভিজিৎ মিশ্র, মানিকচক মণ্ডল বিজেপি সভাপতি বিশ্বজিৎ মণ্ডল-সহ দলের অন্য নেতা কর্মী সমর্থকরা।
মাস্ক আর স্যানেটাইজার বিলি শুরু হতেই চরমে ওঠে বিশৃঙ্খলা। করোনা আতঙ্কে এই দু’টি জিনিসেরই চাহিদা বাড়ছে উত্তরোত্তর। তাই মাস্ক বিলি আরম্ভ হতেই শুরু হয়ে যায় কাড়াকাড়ি। কাকে ধাক্কা দিয়ে কে আগে মাস্ক নেবে তাই নিয়ে তুমুল হট্টগোল। কেউ কেউ মাক্স ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন। লুঠপাটের জেরে শিকেয় ওঠে মাস্ক বিলি। পরিস্থিতি দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন বিজেপির নেতা কর্মীরা। ধীরে ধীরে অবস্থা একেবারেই আয়ত্বের বাইরে চলে যায়। বাধ্য হয়ে কর্মসূচি ছেড়ে চলে যেতে হয় বিজেপি নেতৃত্বকে।
জেলা বিজেপির সহ-সভাপতি সন্তোষ মণ্ডল বলেন, “বিলির জন্য যতটা জিনিস আমরা এনেছিলাম তা কিছুই নয়। এদিনের মানুষের ভিড় তা বুঝিয়ে দিয়েছে। জমায়েত করতে আমরা চাইছিলাম না। কিন্তু মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। বুঝতে পারছি করোনা নিয়ে মানুষ কতটা আতঙ্কিত।”
তুমুল উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় মানিকচক থানার পুলিশ।