দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: তিনজন আগেই পদত্যাগ করেছেন। শনিবার আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক বোর্ডের বাকি দুই সদস্য দায়িত্বভার গ্রহণ করলেন।
এই দু’জনকে নিয়েই বিশাল দলবল-সহ এদিন আলিপুরদুয়ার পুরসভায় ঢোকেন তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী। পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান মিহির দত্ত ও বোর্ড সদস্য প্রদ্যোৎ আচার্য্যকে নিয়ে এদিন মহকুমাশাসক ঢোকার আগেই পুরসভায় ঢোকেন মৃদুলবাবু। প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক তথা আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক শ্রী রাজেশ।
দায়িত্ব নিয়েই মিহির দত্ত বলেন, ‘‘অনেকে অভিযোগ করেছেন আমার অভিজ্ঞতা নেই। কিন্তু কারও অভিজ্ঞতা এক দিনে হয় না। আমাকে সরকার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। কাজের পরেই প্রমাণ হবে আমি কতটা দক্ষ। মহকুমাশাসক আমাদের মাথার উপর থাকবেন। তাঁর পরামর্শ নিয়েই কাজ করব। শহরের জল নিকাশি ও আবর্জনা প্রক্রিয়াকরণের কাজ সব থেকে বেশি গুরুত্ব পাবে।"
এদিন মহকুমা শাসক শ্রী রাজেশ বলেন, ‘‘সরকার নির্দেশ পাঠিয়েছে। পাঁচ সদস্যের প্রশাসক বোর্ড গঠনের নির্দেশ পাঠানো হয়েছে। মিহির দত্তকে চেয়ারম্যান করা হয়েছে। তিন সদস্য পদত্যাগ করেছেন। মিহির দত্তকে চেয়ারম্যানের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। বোর্ড সদস্য হিসেবে প্রদ্যুত আচার্য্যকেও দায়িত্ব দেওয়া হয়েছে।’’ এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী বলেন, ‘‘সরকার মনে করে মিহির দত্ত প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে সেরা ব্যাক্তি। তাই তাকে এই দায়িত্ব দিয়েছেন। কারা পদত্যাগ করেছেন তার আমি কিছুই জানি না। যা সিদ্ধান্ত নেওয়ার সরকার নেবে।’’
আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক বোর্ডের নতুন চেয়ারম্যানকে ঘিরে এদিন রীতিমতো উচ্ছ্বাস। গাদা আর গোলাপের মালা পড়িয়ে নতুন চেয়ারম্যানকে বরণ করে নেন তৃণমূলের উদ্বাস্তু সেলের নেতা পার্থ্য চক্রবর্তী। তিনি বলেন, ‘‘পুরসভায় উদ্বাস্তু মানুষদের জমির অধিকার দেওয়ার ক্ষেত্রে মিহির দত্তের গুরুত্ব অসীম। ভবিষ্যতেও তাঁর কাছ থেকে মানুষ সহযোগিতা পাবেন বলে আশা করি।’’
২০১৮ সালের ২২ অক্টোবর আলিপুরদুয়ার পুরসভার মেয়াদ শেষ হয়। তার পর থেকেই আলিপুরদুয়ারের মহকুমা শাসক পুরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। এবার মিহির দত্তকে চেয়ারম্যান করে মোট পাঁচ জনের প্রশাসক বোর্ড গঠন করে রাজ্য সরকার। এর মধ্যে তিন সদস্য পদত্যাগ করায় বিতর্ক তৈরি হয়। কিন্তু বাকি দুই সদস্যই শনিবার পুরসভার দায়িত্বভার গ্রহণ করলেন।