দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: করোনা রুখতে ২৩ মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে পড়েছে প্রায় আড়াই হাজার ট্রাক। কোনওটা ভিন রাজ্যের, কোনওটা পার্শ্ববর্তী দেশের। ঘরে ফেরার পথ বন্ধ। সঙ্কটে পড়ে গিয়েছেন ট্রাকচালক ও খালাসিরা।
এই ট্রাক চালকদের সাহায্যের জন্য এগিয়ে এল বিএসএফ। কোনও দিন খিচুড়ি, কোনওদিন ডাল-ভাত-সবজি রান্না হচ্ছে সীমান্ত রক্ষী বাহিনীর ক্যান্টিনে। সেখান থেকে দু’বেলা জওয়ানরা খাবার খাওয়াচ্ছেন আটকে পড়া ট্রাক চালক ও খালাসিদের। ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের কম্যান্ডিং অফিসার প্রদীপকুমার বলেন, ‘‘এই আটকে পড়া ট্রাক চালকদের খাবারের কোনও ব্যবস্থা এই মুহূর্তে এখানে নেই। কারণ খাবারের হোটেল সব বন্ধ। এই পরিস্থিতিতে তাই আমরা নিজেরা রান্না করে এই ট্রাক টালকদের খাবার খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’
এই মুহূর্তে বসিরহাটেই রয়েছেন প্রায় পাঁচ হাজার ট্রাকচালক ও খালাসি। তাঁরা সবাই এই দেশের। রয়েছেন বাংলাদেশের প্রায় তিনশো ট্রাকচালক ও খালাসি। বিএসএফ জওয়ানরা নিজেরা রান্না করে তাঁদের খিদে মেটানোর ব্যবস্থা করায় রীতিমতো আপ্লুত তাঁরা। কারণ বিএসএফ এভাবে এগিয়ে না এলে খালি পেটেই কাটাতে হত বলে জানান ওই ট্রাকচালকরা।