মুখ্যমন্ত্রীর জনসভার জন্য গাছ কেটে ফেলার অভিযোগে বুনিয়াদপুরে চাঞ্চল্য
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: মুখ্যমন্ত্রীর জনসভা। তাই কেটে ফেলা হল গাছ। এমনই অভিযোগে সাড়া পড়ে গেল বুনিয়াদপুরে।
আগামী ৪ মার্চ দক্ষিণ বুনিয়াদপুরে দলীয় জনসভায় যোগ দিতে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বুনিয
শেষ আপডেট: 22 February 2020 14:49
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: মুখ্যমন্ত্রীর জনসভা। তাই কেটে ফেলা হল গাছ। এমনই অভিযোগে সাড়া পড়ে গেল বুনিয়াদপুরে।
আগামী ৪ মার্চ দক্ষিণ বুনিয়াদপুরে দলীয় জনসভায় যোগ দিতে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বুনিয়াদপুর ফুটবল ময়দানে একাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠল। যা নিয়ে সরব হয়েছেন পরিবেশপ্রেমীরা। তাঁদের অভিযোগ, বিশ্ব উষ্ণায়ন রোধে চলেছে গাছ লাগানো। আর সেই জায়গায় মুখ্যমন্ত্রীর কিছুক্ষণের সফরের জন্য এভাবে গাছ কাটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
বুনিয়াদপুরের বাসিন্দা পরিবেশপ্রেমী অমর পাল বলেন, ‘‘খুবই নিন্দনীয় ঘটনা। বংশীহারী নদী ও পরিবেশ সুরক্ষা সমিতির পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেও আমরা চাই এভাবে বৃক্ষছেদন করে যেন কোনও জনসভা না হয়।

মুখ্যমন্ত্রীর জনসভার জন্য গাছ কাটার ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিরোধী দলগুলোও।বাম যুব সংগঠন আরওয়াইএফ এর পক্ষ থেকেও এ দিন বালুরঘাট বনদফতরে ডেপুটেশন দেওয়া হয় বলে জানান আরএসপির যুব সংগঠনের নেতা সরোজ কুন্ডু। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সভার জন্য এভাবে বৃক্ষছেদন করা যায় না। নিয়ম-নীতি মেনে গাছ কাটা হয়েছে কি না, সেটাও দেখা দরকার।’’
গঙ্গারামপুরের মহকুমাশাসক মানবেন্দ্র দেবনাথকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘গাছ কাটার ব্যাপারে আমার কাছে কেউ কোনও অভিযোগ জানাননি। সম্ভবত অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে।’’
তবে বন দফতরের বালুরঘাটের রেঞ্জার আব্দুর রেজ্জাক জানান, তাঁদের অনুমতি নেওয়ার আগেই গাছ কেটে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘আমাদের কাছে আটটা গাছ কাটার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু আমরা অনুমতি দেওয়ার আগেই তিনটে গাছ কেটে নেয়। আমরা গোটা বিষয়টা নিয়ে রায়গঞ্জের ডিএফওর কাছে রিপোর্ট পাঠানো হচ্ছে।’’