দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: দলের প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এমন অভিযোগেই ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায়।
প্রধানের স্বামীকে খুন করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। গত বছর বারবার একই ধরনের অভিযোগ উঠেছে গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও রায়গঞ্জ ব্লক তৃণমুল কংগ্রেসের সভাপতি এই অভিযোগের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সীমা মণ্ডল ও তাঁর স্বামী এবং রাঙ্গু মণ্ডলের অনুগামীদের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ ব্লকের সভাপতি মানস ঘোষের অনুগামীদের গন্ডগোল চলছিল। মানসবাবুর বিরুদ্ধে ব্লক কমিটিতে স্বজনপোষণের অভিযোগ করেছিলেন প্রধান ও তার স্বামী। সোমবার ওই গ্রাম পঞ্চায়েতের ইটাল এলাকায় সরকারি প্রকল্পের প্রচার করতে গিয়ে মানসবাবুর অনুগামী বলে পরিচিত কয়েকজন তৃণমূল কর্মী তাদের পথ আটকায় বলে অভিযোগ। এমনকী তৃণমূল প্রধানের স্বামীকে মেরে ফেলার হুমকি দেওয়া পর্যন্ত দেওয়া হয়েছে বলে দাবি করেছেন প্রধান এবং তার স্বামী।
সোমবার রাতে আচমকা তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলেও অভিযোগ করেন প্রধান ও তার স্বামী। তৃণমূলের প্রধান এই ঘটনার পেছনে মানস ঘোষের অনুগামীদের হাত রয়েছে বলে দাবি করেছেন। মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগও দায়ের করেন প্রধান এবং তাঁর স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে প্রধানের স্বামী রাঙ্গু মণ্ডল বলেন, ‘‘সোমবার স্থানীয় কিছু তৃণমূল নেতাদের সঙ্গে ইটাল এলাকায় সরকারি প্রকল্পের প্রচার করতে গিয়েছিলাম। সেখানে আমাকে রাস্তা আটকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমি এবং আমার স্ত্রী বাড়িতে না থাকলেও আমাদের বাড়িতে বোমাবাজির করা হয়েছে। এই ঘটনার পেছনে কে কে রয়েছে তা খুঁজে বার করতে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছি।’’
অন্যদিকে মানসবাবু বলেন, ‘‘এই ধরনের কোন ঘটনা কথা এখনো পর্যন্ত স্থানীয় স্তর থেকে আমার কাছে এসে পৌঁছায়নি। আমার নাম নিয়ে যদি কেউ হুমকি দিয়ে থাকত তবে অবশ্যই প্রধান ও তার স্বামীর উচিত ছিল প্রথমে আমাকে এই বিষয়ে প্রশ্ন করা। যদিও তারা করেননি। আদতে কি ঘটনা ঘটেছে তা জেনে অবশ্যই ব্যবস্থা নেব।’’