দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ইসলামপুরের টেঁকারাইপুরে রাস্তার আলো বসানো নিয়ে বিবাদের জেরে এলোপাথাড়ি গুলি। জখম হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত তিনজনই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
শুক্রবার রাতে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই গ্রামে। ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। অভিযোগ, টেঁকারাইপুর নতুন পাড়ার তেমাথা মোড়ে সম্প্রতি পঞ্চায়েতের সরকারি প্রকল্পে সোলার লাইট বসানো হয়। শুক্রবার সন্ধেবেলা মাসিদুল ইসলাম নামের স্থানীয় এক মোটরবাইক গ্যারেজের মালিক ওই লাইট তার দোকানের দিকে ঘুরিয়ে নেন। আলোর অভিমুখ ঘুরিয়ে নেওয়ায় অন্ধকার হয়ে পড়ে জনবহুল মোড়টি। লাইট সরানোর প্রতিবাদ করে গ্রামের বাসিন্দারা। তা নিয়ে রাত পর্যন্ত দু’পক্ষের বচসা চলতে থাকে। পরে পুলিশ এসে লাইটটিকে আগের অবস্থানে বসানোর নির্দেশ দেয়।
পুলিশ চলে যাওয়ার পর গ্রামের বাসিন্দারা গ্যারাজ মালিক মাসিদুলের বাড়ির সামনের রাস্তা দিয়ে যে যার নিজের বাড়ি ফিরছিলেন। অভিযোগ সে সময় অতর্কিতে ছাদের উপর থেকে মাসিদূল, তার বাবা সফিকুল ইসলাম ও দাদা হাসান আলি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনায় মিজান শেখ, পিয়ারুল শেখ ও রাকিবুল ইসলাম নামের তিনজন গ্রামবাসী জখম হন। যাদের মধ্যে রাকিবুল ও মিজানের অবস্থা আশঙ্কাজনক।
গুলির শব্দে গ্রামবাসীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তিনজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করেন। ঘটনার পরেই বেপাত্তা অভিযুক্তরা। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।