দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : গোশালা মোড়ে মুদিখানা দোকান চালান কলেজ পাড়া এলাকার বাসিন্দা সৌমেন রায়। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। বুধবার সকালে দোকানে এসেই দেখেন টিন কাটা। সমস্ত জিনিস লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। উধাও হয়েছে দোকানে রাখা নগদ-সহ অন্তত ৫০ হাজার টাকার জিনিস।
আরও কী কী খোয়া গেল দেখতে গিয়ে সৌমেনবাবু লক্ষ্য করেন আগের সন্ধ্যায় স্ত্রীর বানানো কফির তরকারি ও রুটিও নেই। চেটেপুটে খেয়ে টিফিন বাক্স রেখে গিয়েছে চোর। সৌমেনবাবু বলেন, “কাজের চাপে কাল খাওয়া হয়নি। টিফিন বাক্স ফেলে রেখেই চলে গিয়েছিলাম। আজ এসে দেখলাম, শুধু চুরি করেই ক্ষান্ত হয়নি চোর, রাতের খাবারও খেয়ে গেছে এখানেই।”
খবর পেয়ে বেলার দিকে তাঁর দোকানে তদন্তে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়েই চুরি বলে মনে করছে পুলিশ।
সৌমেনবাবুর স্ত্রী জানকী রায় বলেন, “নগদ ১৫ হাজার ও সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার জিনিস খোয়া গেছে। স্বামীর খাওয়ার জন্য টিফিন বানিয়ে পাঠিয়েছিলাম। ওঁর খাওয়া হয়নি। সেটাও খেয়ে নিয়েছে। পুলিশ ব্যবস্থা নিক।”
স্থানীয় ব্যবসায়ী বিশ্বজিৎ সরকার জানান তাঁর দোকানেও গতকাল টিন কেটেছিল চোর। কিন্তু চুরি করতে পারেনি। তিনি বলেন, “গত বছর আমার দোকানে চুরি হয়েছিল। তার কিনারা এখনও করতে পারেনি পুলিশ।”
জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।”
জাতীয় সড়ক লাগোয়া এলাকায় ঘন ঘন চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকার মানুষ।