দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: চা বাগানের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের বহু মানুষের রুটিরুজি। বাগান শ্রমিক থেকে শুরু করে ফ্যাক্টরির কর্মী, বড় অংশের মানুষের আয়ের উৎস চা বাগান। সেই উত্তরবঙ্গেই এবার স্নাতক স্তরে টি-সায়েন্স নিয়ে পড়ার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা। পশ্চিমবঙ্গে তো বটেই, সর্বভারতীয় পর্যায়েও হয়তো প্রথম। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট কাউন্সিলের চেয়ারপার্সন নুপূর দাস এই খবর জানান।
এ বছর থেকেই স্নাতক স্তরে এই কোর্স শুরু হবে। ২০টি আসন রয়েছে। ১০ আগস্ট থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। ফর্ম ফিল–আপের শেষ তারিখ ২৫ আগস্ট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই শুরু হবে ক্লাস।
নুপূর দাস জানান, বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর ধরে টি–সায়েন্স নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সের পাঠ দেওয়া হচ্ছে। এবার থেকে স্নাতক স্তরেও এই বিষয় নিয়ে পড়ানো হবে। বোটানি, মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রির অধ্যাপকরাই টি–সায়েন্সের পাঠ দেবেন বলে জানা গেছে। গত বছরই স্নাতকস্তরে চালু হয়েছে বিএসসি–ইন–অ্যানথ্রোপলজি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পুরোপুরি মেধার ভিত্তিতেই স্নাতক স্তরে ১০ আগস্ট থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ভর্তি প্রক্রিয়া চালানো হবে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই। ফর্মপূরণ থেকে শুরু করে ভর্তির ফি ব্যাঙ্কে জমা দেওয়া কোনও কাজেই ছাত্রছাত্রীদের কলেজে যেতে হবে না। পুরোটাই হবে অনলাইনে। পড়ুয়াদের নথিপত্র যাচাই করা হবে কলেজে ক্লাস শুরুর প্রথম দিন। যদিও সেই নির্দেশিকা এখনও আসেনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১০ তারিখের মধ্যে ছাত্রছাত্রীদের অনলাইনে রেজিস্ট্রেশন এবং ২৮ অগস্টের মধ্যে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। পয়লা সেপ্টেম্বর থেকে ভর্তি শুরুর নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। তবে করোনা পরিস্থিতিতে তা কতটা সম্ভব তা এখনও স্পষ্ট নয়।