দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: লকডাউনে বন্ধ রয়েছে ধারাবাহিক অভিযান। এই সুযোগেই ফের শিলিগুড়িতে রমরমিয়ে চলছে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ। পাড়ার ছোট দোকানগুলিতে তো বটেই প্রধান প্রধান বাজারগুলিতে যথেচ্ছ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার নজরে আসছে।
নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ফিরে এসেছে, এই অভিযোগ পেয়ে শিলিগুড়ি পুরনিগমের দল দীর্ঘ ছয় মাস পর অভিযান চালাল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে বিধান মার্কেটের ফল ও সবজি বাজারে। বাজেয়াপ্ত করা হল কয়েক কেজি ক্যারিব্যাগ। তবে পুরনিগমের এই অভিযান নিয়েও একরাশ ক্ষোভ স্থানীয়দের। তাঁদের অভিযোগ, এমন হঠাৎ অভিযানে লাভের লাভ কিছুই হবে না। পুরনিগম ধারাবাহিক অভিযান না চালানোতেই অবৈধ প্লাস্টিক ক্যারিব্যাগের এমন বাড়বাড়ন্ত।
শহরে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার না হওয়ায় একসময় বসন্ধুরা পুরস্কারের তকমা পেয়েছিল শিলিগুড়ি। কিন্তু সেই পুরস্কারের মর্যাদা রাখতে পারেনি শহর। যত দিন গড়িয়েছে ততই বেড়েছে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার। অভিযান চালানো হলেও, তা হয়েছে নামমাত্র। ধীরগতিতে। লাগাতার অভিযান না হওয়ায় বেড়েছে এর বিস্তার। বর্তমানে শহরের এমন কোনও মার্কেট নেই যে সেখানে এই নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার নেই।
অথচ একসময় শিলিগুড়িতে বিক্রেতাদের পাশাপাপাশি ক্রেতারাও এই বেআইনি প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দিয়েছিলেন। কেউ তা দিতে চাইলে অভিযোগ জানিয়ে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হতো। কিন্তু আজ উল্টো চিত্র গোটা শহর জুড়ে। বাজারে গিয়ে কিছু কিনলেই ধরিয়ে দেওয়া হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ। নেই কোনও জরিমানা। নেই আটক। ফলে প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে নিয়ম ভাঙার খেলা। যা লকডাউনে কয়েক গুণ বেড়েছে শহরে।
পুরনিগমের কর্তারা অবশ্য জানিয়েছেন, এবার থেকে আবার ধারাবাহিক ভাবে অভিযান চালানো হবে প্লাস্টিকের ক্যারিব্যাগের বিরুদ্ধে। তবে করোনা পরিস্থিতিতে মানুষের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে এখনই জরিমানা করা হচ্ছে না কোনও ব্যবসায়ীকে। শুধুমাত্র সতর্ক করা হচ্ছে। তবে তাতে ব্যবসায়ীরা সচেতন না হলে আগামীদিনে আবার কড়া ব্যবস্থা নেওয়ার পথে হাঁটতে হবে তাঁদের। অর্থাৎ নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করা হলেই জরিমানার ব্যবস্থা লাগু হবে।