সাইকেলের চাকায় হাওয়া ভরতে গিয়ে বিপত্তি, গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু দোকান মালিকের
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রবিবার বন্ধ ছিল দোকান। সোমবার দোকান খুলতেই ভিড়। তড়িঘড়ি গ্যাস সিলিন্ডার মেশিন চালিয়ে সাইকেলের চাকায় হাওয়া ভরে দিতে গিয়েই বিপত্তি। সিলিন্ডার বাস্ট করে মৃত্যু হল দোকান মালিকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ব্যারা
শেষ আপডেট: 23 March 2020 08:32
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রবিবার বন্ধ ছিল দোকান। সোমবার দোকান খুলতেই ভিড়। তড়িঘড়ি গ্যাস সিলিন্ডার মেশিন চালিয়ে সাইকেলের চাকায় হাওয়া ভরে দিতে গিয়েই বিপত্তি। সিলিন্ডার বাস্ট করে মৃত্যু হল দোকান মালিকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের আগরপাড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম দীননাথ ঘোষ(৫৫)।
আগরপাড়ার কুসুমপুর-বটতলা এলাকায় সাইকেলের দোকান দীননাথবাবুর। রবিবার দোকান বন্ধ ছিল। সোমবার দোকান খুলতেই ভিড় জমে যায়। তড়িঘড়ি গ্যাস সিলিন্ডার মেশিন চালিয়েই সাইকেলের চাকায় হাওয়া দিতে যান তিনি। তাতেই বাস্ট করে সিলিন্ডার। সঙ্গে সঙ্গে গুরুতর জখম দীননাথবাবুকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান এলাকার মানুষ। সেখান থেকে পাঠানো হয় সাগরদত্ত হাসপাতালে। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সমাজকর্মী হিসেবে এলাকায় খুবই জনপ্রিয়তা ছিল দীননাথবাবুর। তাঁর এমন হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পড়শিরা জানান, সাইকেলের দোকান চালিয়ে একমাত্র মেয়ের বিটেক পড়ার খরচ জোগাড় করতেন তিনি। খুবই মেধাবী তাঁর মেয়ে। এখন তাঁর এমন আকস্মিক মৃত্যুতে অথৈজলে গোটা পরিবার।