দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: টাকা না পেয়ে ক্লাস ইলেভেনের এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছুড়ল দুষ্কৃতী। এই ঘটনায় মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ থানার পিপলান এলাকায়। গুলিবিদ্ধ ছাত্রকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
জখম ছাত্রের নাম জনার্দন বর্মন। হাসপাতালের বিছানায় শুয়ে ওই ছাত্র জানায়, যে দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায় সে তার পূর্ব পরিচিত। একসময় বন্ধুত্ব ছিল ওই যুবকের সঙ্গে। দু’দিন আগে ওই যুবক তার থেকে কিছু টাকা চায়। কিন্তু টাকা দিতে পারবে না বলাতেই গুলি ছোড়ে ওই যুবক। জনার্দন বলে, ‘‘দাবি মতো টাকা দিতে না পারাতেই ও আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আমার পায়ে গুলি লাগে। আশেপাশের লোকজন ছুটে এলে ও পালিয়ে যায়।’’
জনার্দনের মা তারা বর্মণ বলেন, ‘‘আমার ছেলেকে কেউ গুলি করেছে শুনে ছুটতে ছুটতে আসি। ছেলেটা ওর চেনা বলছে। কিন্তু আমি চিনি না। কেন আমার ছেলেকে গুলি করল তাও বুঝতে পারছি না।’’
রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্তের নাম প্রতাপ রায়। প্রাথমিক ভাবে জানা গেছে ক্লাস ইলেভেনের পড়ুয়া জনার্দনের কাছ থেকে টাকা চেয়েছিল প্রতাপ। টাকা না দেওয়ায় গুলি করেছে। তবে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। জখম ছাত্র এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা।
বিকেলবেলা রাস্তায় অনেক লোকজন ছিল। সেই সময় ছাত্রকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।