
শেষ আপডেট: 16 March 2020 06:31
মুরগির মাংস খাওয়ার সঙ্গে করোনা ভাইরাসের কোনও যোগাযোগ নেই। বারবার ডাক্তাররা বলছেন এ কথা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারও হচ্ছে তা। সরকারিভাবেও জানানো হচ্ছে। কিন্তু তাতেও কোনও হেলদোল নেই। তলানিতে এসে ঠেকেছে মুরগির মাংসের বাজার। গত ক'দিন ধরে গোটা মুরগি ৫০ থেকে ৭০ টাকা আর কাটা মাংস ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে। খুব বেশি হলে কাটা মাংসের দাম উঠেছে ১০০ টাকা। তাতেও খদ্দের নেই।
শনিবার রবিবার মুরগির মাংস না হলে যাঁদের চলতোই না তাঁরাও এখন মুখ ফিরিয়েছেন। তাই রীতিমতো সঙ্কটে ব্যবসায়ীরা। বঙপুর মোড়ের এক ব্যবসায়ী বলেন, “মুরগির মাংসের কেজি কার্যত কুড়ি টাকায় এসে দাঁড়িয়েছে। অথচ বিক্রি না হলে মুরগিকে প্রতিদিন যে খাবার দিতে হয়, সেই খাবারের কেজি ৫৫ টাকা। দিনের পর দিন এভাবে লোকসানের বোঝা টানা অসম্ভব হয়ে পড়ছে। দোকানের খরচ, কর্মচারির বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।”
উপায় না দেখে ১০০ টাকায় চারটে বা পাঁচটা গোটা মুরগিও বিক্রি করে দিচ্ছেন কেউ কেউ। রীতিমতো গাড়িতে করে মাইক বাজিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাংস বিক্রি করছেন অনেকেই। তবে তাতেও যে লাভ বিশেষ হচ্ছে, তেমনটা নয়। কবে কাটবে করোনা আতঙ্ক, আবার স্বাভাবিক হবে সবকিছু। সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন ব্যবসায়ীরা।