দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: করোনা সংক্রমণে এবার মারা গেলেন এক আরপিএফ জওয়ান। এই প্রথম করোনায় কোনও আরপিএফ জওয়ানের মৃত্য হল পূর্ব রেলে। জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী।
আরপিএফ সূত্রে খবর শিয়ালদহ মেন পোস্টে কাজ করতেন শেখ মুজিবুর রহমান নামে ওই আরপিএফ জওয়ান। থাকতেন নারকেলডাঙায় রেল পুলিশের আবাসনে। গত ২৫ তারিখ জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় শিয়ালদহের বি আর সিং হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সঙ্গে সঙ্গেই তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৮ জুলাই রিপোর্ট এলে দেখা যায় করোনা সংক্রমণ হয়েছে তাঁর।
এরপরেই তাঁকে হাওড়া রেলওয়ে অর্থোপেডিক হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে এই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল সূত্রে খবর তাঁর দেহ কলকাতা পুরসভার হাতে তুলে দেওয়া হবে। জানা গেছে আর পাঁচ মাস বাদেই ওই আরপিএফ কর্মীর অবসর গ্রহণ করার কথা ছিল।
শ্রমিক স্পেশ্যাল ট্রেন থেকে নামা যাত্রীদের ভিড় সামাল দেওয়া, তাঁদের খাবারের ব্যবস্থা করা ইত্যাদি সমস্ত কিছুই সামনের সারিতে দাঁড়িয়েই মোকাবিলা করেছেন আরপিএফ জওয়ানরা। গত ২৩ এপ্রিল প্রথম দিল্লি থেকে রাজ্যে ফেরা ২৯ জন আরপিএফ জওয়ানের মধ্যে সাতজনের করোনা ধরা পড়েছিল। পরবর্তীতে এপ্রিল ও মে মাসে আরও কয়েকজন আরপিএফ জওয়ানের করোনা ধরা পড়ে। তাঁদের মধ্যে হাওড়া স্টেশনে কর্তব্যরত বেশ কয়েকজন জওয়ানেরও করোনা রিপোর্ট পজেটিভ আসে। কিন্তু তাঁরা প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। কিন্তু লড়াইয়ে হেরে গেলেন পূর্ব রেলের এই আরপিএফ জওয়ান।