দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: দীর্ঘদিন মাসিক তিন হাজার টাকা ভাতায় কাজ করে আসছেন সাফাই কর্মীরা। ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করেছেন। কিন্তু ফল মেলেনি। মঙ্গলবার এই দাবিতে অবরুদ্ধ হল রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়। স্টেশন সংলগ্ন ময়দান থেকে কয়েকশো সাফাইকর্মী রায়গঞ্জ শহর পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ও রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ক্রসিং অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবিলম্বে তাঁদের দাবি না মানা হলে সমগ্র উত্তরবঙ্গজুড়ে কর্মবিরতি করে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে জেলার সাফাইকর্মী সংগঠন রায়গঞ্জ সাফাইকর্মী হরিজন সমিতি ও নর্থবেঙ্গল বাঁশফোড় অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
উত্তর দিনাজপুর জেলার সমস্ত সরকারি অফিস, হাসপাতালগুলিতে মাত্র ৩ হাজার টাকা মাসিক ভাতায় সাফাইয়ের কাজ করে আসছেন রায়গঞ্জের কয়েকশো সাফাইকর্মী। মাসিক ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে কোনও সুরাহা না হওয়ায় ৮ অগস্ট থেকে তারা সরকারি অফিসগুলিতে এবং রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালেও লাগাতার কর্মবিরতি আন্দোলন শুরু করেছিলেন।
১৮ আগস্ট রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি তাঁদের লিখিত আশ্বাস দিয়েছিলেন ভাতা বৃদ্ধি নিয়ে সাফাইকর্মী সংগঠনের সঙ্গে বসে আলোচনা করা হবে। ২৮ আগস্ট থেকে সাতদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে এমনই আশ্বাস পেয়ে তখনকার মতো কর্মবিরতি তুলে নেন সাফাইকর্মীরা। কিন্তু ২৮ আগস্ট থেকে সাতদিন পার হয়ে গেলেও এমএসভিপি'র পক্ষ থেকে কোনও সাড়া না মেলায় মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলাজুড়ে কর্মবিরতি আন্দোলনে নামার পাশাপাশি রায়গঞ্জ শহরে প্রতিবাদ মিছিল ও ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে সাফাইকর্মী সংগঠন।
নর্থবেঙ্গল বাঁশফোড় অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক গৌতম বাঁশফোড় জানিয়েছেন, প্রশাসনিক আশ্বাসের পরেও কোনও কাজ হয়নি। তাই মঙ্গলবার থেকে ফের উত্তর দিনাজপুর জেলাজুড়ে সমস্ত সরকারি দফতর ও হাসপাতালগুলোতে লাগাতার কর্মবিরতি আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। সংগঠনের হুমকি এরপরেও প্রশাসনিক ভাতা নিয়ে কোনও সিদ্ধান্ত না নিলে উত্তরবঙ্গজুড়ে কর্মবিরতি শুরু হবে।
১৫ ই সেপ্টেম্বর আলোচনার বৈঠকের আশ্বাস পাওয়ার পর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সাফাই কর্মীদের অবরোধ ওঠে।