দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নাগরাকাটা ব্লকের বামুনডাঙা চা বাগান লাগোয়া গরুমারার জঙ্গল থেকে মিলল একটি পূর্ণবয়স্ক গন্ডারের দেহ। বুধবার সকালে জঙ্গলে টহলদারির সময় বাঁধের কাছে গন্ডারটির দেহ পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন বন আধিকারিকদের।
জানা গেছে, গরুমারা জাতীয় উদ্যানের ত্রাস ছিল ডন নামে এই গন্ডারটি। মারকুটে বলেই বনকর্মীদের কাছে তার পরিচিতি ছিল। তাই তাঁরা এই গন্ডারটিকে ডন নামে ডাকতেন।
গন্ডারের দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান গরুমারা জাতীয় উদ্যানের ডিএফও নিশা গোস্বামী ও গরুমারা নর্থ ডিভিশনের রেঞ্জার অয়ন চক্রবর্তী। বন আধিকারিকদের প্রাথমিক অনুমান, বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে গন্ডারটির। কারণ তার দেহের কোথাও গুলি লাগার কোনও চিহ্ন মেলেনি। গন্ডারের শৃঙ্গও ছিল অক্ষত। প্রাথমিকভাবে মেটাল ডিটেক্টর নিয়ে এসে গন্ডারের দেহ পরীক্ষা করেন আধিকারিকরা। তখন কোনও গুলির চিহ্ন মেলেনি বলেই জানান তাঁরা। ডিএফও নিশা গোস্বামী বলেন, ‘‘পূর্ণ বয়স্ক পুরুষ গন্ডারের মৃতদেহ উদ্ধার হয়েছে। আমাদের প্রাথমিক অনুমান বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে গন্ডারটির। তার দেহের কোথাও ক্ষতচিহ্ন মেলেনি। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ পরিষ্কার ভাবে জানা যাবে।’’
এর আগে শৃঙ্গের লোভে বারবার গরুমারার জঙ্গলে চোরাশিকারীদের নিশানা হয়েছে গন্ডার। তাই নিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। এ দিন গন্ডার মৃত্যুর খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় বনবিভাগে। পরে অবশ্য দেখা যায় এই গন্ডারের শৃঙ্গটি অক্ষত রয়েছে। এখন কী কারণে গন্ডারটির মৃত্যু হল তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন বনকর্মীরা।