দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং: হিমালয়ের টানে সিকিম যাওয়া বন্ধ হয়েছে আগেই। এ বার দার্জিলিঙেও বিধিনিষেধ। করোনা শঙ্কায় অনেকগুলি জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিল জিটিএ। অনির্দিষ্ট কালের জন্য মহানন্দা অভয়ারণ্য, সিঞ্চল অভয়ারণ্য ও সিঙ্গালিলা অভরারণ্যে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আপাতত বন্ধ থাকছে টাইগার হিলে সূর্যোদয় দেখা ও সান্দাকফু রুটে ট্রেকিংও। বন্ধ করা দেওয়া হল বাতাশিয়া লুপও।
জিটিএ চেয়ারম্যান অনিত থাপা জানান, কোনও কিছুই বাসিন্দাদের নিরাপত্তার থেকে বড় নয়। তাই দার্জিলিং শহরের ভেতর পদ্মজা নাইডু ন্যাশনাল পার্ক ও হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটন মরশুমে দার্জিলিঙের পথেঘাটে, হোটেলে বিদেশি ট্যুরিস্টদের নজরকাড়া ভিড় দেখা যায় বরাবরই। এবার করোনা শঙ্কাতেও তার নড়চড় হয়নি। বরং সিকিমে বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ হওয়ায় ভিড় বেড়েছে দার্জিলিঙে। তাই রোগ সংক্রমণ নিয়ে আশঙ্কিত হয়ে পড়েন অনেকেই। আরও অনেকের মতো তেনজিং নোরগের ছেলে জামলিং তেনজিং বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন। তাঁর বক্তব্য, “আমাদের শহর ও লাগোয়া এলাকাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের পদক্ষেপ করা উচিৎ।”
মঙ্গলবার জিটিএ চেয়ারম্যান অনিত থাপা জানান, এখনও পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছেন এমন খবর নেই। তাহলেও বাসিন্দাদের স্বার্থে সতর্ক রয়েছে জিটিএ। বুধবার পর্যটন ক্ষেত্রের সবাইকে নিয়ে বৈঠকে বসবেন জিটিএ কর্তৃপক্ষ। দার্জিলিঙে বিদেশি পর্যটকদের আসা যাওয়া নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। অনিত থাপা বলেন, “গোটা বিষয়টার সঙ্গে জড়িয়ে রয়েছে পাহাড়ের অর্থনীতি। তাই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া অত সহজ নয়। সবার সঙ্গে কথা বলেই আমরা সিদ্ধান্তে পৌঁছাবো।”