দ্য ওয়াল ব্যুরো, মালদহ: অগ্নিদগ্ধের মৃত্যুর পর উত্তাল হল এলাকা। সংশ্লিষ্ট ব্যক্তিকে পুড়িয়ে মারার অভিযোগে ভাঙচুর করা হয় অভিযুক্তদের বাড়ি। এই ঘটনায় সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ডানকুনি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোবরা স্টেশন সংলগ্ন এলাকা।
এলাকার জোড়া পোলের বাসিন্দা সঞ্জয় সাউ গত সাত ডিসেম্বর অগ্নিদগ্ধ হন। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর আসতেই উত্তেজিত মানুষজন সঞ্জয়ের প্রাক্তন স্ত্রী ও তাঁর মায়ের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতের পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, সঞ্জয়ের মৃত্যুর জন্য তাঁর প্রাক্তন স্ত্রীই দায়ী।
জানা গেছে, পনেরো আগে সঞ্জয়ের সঙ্গে বিয়ে হয়েছিল স্থানীয় এক তরুণীর সঙ্গে। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। তিন বছর আগে সঞ্জয়ের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। বছর দুয়েক আগে দ্বিতীয় বিয়ে করেন ওই তরুণী। তারপর থেকে মায়ের বাড়ির পাশেই থাকতে শুরু করেন। প্রতিবেশীদের অভিযোগ, বিবাহ বিচ্ছেদের আগে সঞ্জয়ের সম্পত্তি নিজের নামে করে নিতে চেয়েছিল তার প্রাক্তন স্ত্রী। এই নিয়ে অশান্তি হত। মারধর করা হত সঞ্জয়কে। সঞ্জয় অগ্নিদগ্ধ হওয়ার দিনও তাদের মধ্যে ঝগড়া চলছিল বলে জানান প্রতিবেশীরা। ঘটনার পর থেকে পলাতক তার ওই তরুণী, তাঁর মা ও বর্তমান স্বামী।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।