দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বাইক দুর্ঘটনায় আহত যুবককে তুলে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিংসার বন্দোবস্ত করলেন ট্রাফিক ইনস্পেকটর। খবর দিয়ে ডেকে আনলেন পরিবারের লোকদেরও। এমন মানবিকতা দেখে তাঁকে বারবার ধন্যবাদ জানাচ্ছেন যুবকের পরিবার।
বুধবার সকাল এগারোটা নাগাদ উত্তরপাড়া দোলতলা ঘাটের কাছে জিটি রোডের পাশে এক বাইক আরোহীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আঘাত গুরুতর থাকায় যুবক কথা বলতে পারছিলেন না। কয়েকজন পথচারী সেখান দিয়ে গেলেও যুবককে তুলে চিকিংসার ব্যবস্থা করেনি কেউ। সে সময় চন্দননগর পুলিশের শ্রীরামপুর ট্রাফিক গার্ডের অফিসার জয়দেব নন্দী উত্তরপাড়া বাজারে ডিউটি করছিলেন। খবর পান এক যুবক আহত অবস্থায় পড়ে রয়েছে। মোটরবাইক নিয়ে সেখানে হাজির হন তিনি। আহত যুবককে তুলে টোটো ভাড়া করে নিয়ে যান উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।
সেখানে দ্রুত চিকিংসা শুরু হয় ওই যুবকের। যুবকের পকেট থেকে মানি ব্যাগ ও মোবাইল ফোন পাওয়া যায়। তা থেকেই জানা যায় তাঁর নাম প্রশান্ত গুপ্তা(২৬)। বাড়ি হিন্দমোটর বটতলা বাইলেন। জয়দেববাবু যুবকের পরিবারকে খবর দেন। যুবকের দাদা আর বাবা হাসপাতালে পৌঁছান। পুলিশ অফিসারকে হাত ধরে ধন্যবাদ দেন তাঁরা।
উত্তরপাড়া হাসপাতালে চিকিৎসায় কিছুটা স্থিতিশীল হলে অ্যাম্বুলেন্স ডেকে উত্তরপাড়ারই এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। জয়দেববাবু বলেন, ‘‘অনেকে পুলিশে ভয় পান, যদি কোনও মামলায় জড়িয়ে পড়েন, তাই অনেক সময় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে দেখেও ফেলে চলে যান মানুষ। চিকিৎসার ব্যবস্থা করেন না। তাই আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় পড়েছিলেন ওই যুবক। আমি খবর পেয়ে সেখানে পৌঁছে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’’