দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জির শুনানি হোল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। আগামীকাল রায় দান।
গত ৭ ডিসেম্বর বিজেপির উত্তরকন্যা অভিযানকে ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় শিলিগুড়িতে। ফুলবাড়ি এলাকায় মিছিল করে এগোনোর সময়ে পুলিশের লাঠির আঘাতে তাঁদের এক কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। আহত হওয়ার পরে উলেন রায় (৫০) নামে ওই বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটা নার্সিংহোমে। পরে সেখানেই তিনি মারা যান বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, ‘‘আমাদের কর্মী উলেন রায়ের মাথায় লাঠির আঘাত লেগেছিল। আঘাত লেগেছিল তাঁর শরীরের অন্য জায়গাতেও। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।’’
ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে পুলিশ জানায়, শটগানের গুলি লেগেছিল তাঁর গায়ে। তাতেই মৃত্যু হয়েছে ওই কর্মীর। কিন্তু পুলিশ ওই শটগান ব্যবহারই করে না। ফলে পুলিশের মারে কর্মীর মৃত্যুর অভিযোগ মিথ্যে বলেই দাবি করে রাজ্য পুলিশ। ট্যুইট করে তারা জানায়, ‘‘পুলিশ শটগান ব্যবহার করে না। স্পষ্ট বোঝা যাচ্ছে, গতকাল শিলিগুড়ির বিক্ষোভ মিছিলে সশস্ত্র দুষ্কৃতীদের আনা হয়েছিল। তারাই গুলি চালিয়েছিল। সেই গুলিই খুব কাছ থেকে লেগে মারা গেছেন ওই ব্যক্তি।’’
এরপরেই শুরু হয় টানাপড়েন। দেহ নিয়ে চলে দীর্ঘ আইনি লড়াই। ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। কিন্তু সিআইডি তদন্তে সন্তুষ্ট নন উলেন রায়ের পরিবার। সিবিআই তদন্তের দাবি জানিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রিট পিটিশন করে উলেন রায়ের স্ত্রী মালতী রায়। বুধবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর এজলাসে সেই আবেদনের শুনানি হয়।
মালতী রায়ের আইনজীবী প্রকাশ সাহা জানান, বুধবারের এই শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহেশ জেটমালানি, কলকাতা হাইকোর্টের আইনজীবী রাজদীপ মজুমদারও। কলকাতা থেকে অ্যাডভোকেট জেনারেল অংশ নিয়েছিলেন এবং সুদীপ্ত দাস অ্যাসিস্ট্যান্ট সলিসেটার জেনারেল সিবিআই এর পক্ষে অংশ নেন। প্রায় দু ঘন্টা ধরে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে শুনানি চলে। আগামীকাল রায় দান করবেন বলে জানান বিচারপতি।’’