দ্য ওয়াল বাঁকুড়া: বেশ কয়েকটি চিতল হরিণ উদ্ধারের পর এবার ময়ূর উদ্ধার হলো বাঁকুড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে পাত্রসায়রের পড়াশিয়া গ্রামের এক পরিবারের কাছ থেকে ঐ ময়ূরটিকে উদ্ধার করেন বন দফতরের কর্মী-আধিকারিকরা।
বছরের এই সময়ে চলে আদিবাসীরা শিকার উৎসব। সরকারিভাবে এই শিকার উৎসবে নিষেধাজ্ঞা জারি থাকলেও অনেকেই তা মানেন না বলে অভিযোগ। সম্প্রতি পড়াশিয়া এলাকায় বেশ কিছু মানুষ শিকার উৎসবে বেরিয়ে স্থানীয় জঙ্গল থেকে ওই ময়ূরটিকে ধরেন বলে খবর। ময়ূর উদ্ধারের এই খবরের সত্যতা স্বীকার করেন পাত্রসায়রের বনাধিকারিক শিবপ্রসাদ সিনহা।
তিনি বলেন, ‘‘শিকার উৎসবের মরসুম। তাই বেলিয়াতোড়, সোনামুখী, পাত্রসায়র, রাধানগরের বিস্তীর্ণ জঙ্গল জুড়ে টহলদারি চলছে। একে লকডাউন। তার উপর বনকর্মীদের উপস্থিতি দেখে এবার শিকার উৎসবে তেমনভাবে আর অংশই নেয়নি আদিবাসী সমাজ। এর মাঝেই স্থানীয় কয়েক জন আদিবাসী যুবক একটি ময়ূর ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে আমরা অভিযোগ পাই। খবর পেয়ে আমরা গ্রামে পৌঁছে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ময়ূরটিকে উদ্ধার করি।’’
বর্তমানে উদ্ধার হওয়া ঐ ময়ূরটি পাত্রসায়র রেঞ্জ অফিসে রাখা আছে। প্রাথমিক চিকিৎসার পর পর্যবেক্ষণে রাখা হবে তাকে। পরে চিকিৎসকের অনুমতি নিয়ে ময়ূরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
করোনা রুখতে প্রায় দেড়মাস ধরে চলছে লকডাউন। গাড়ি চলাচল করছে না। কলকারখানাও বন্ধ। পরিবেশের উপর এর প্রভাবও নজরে পড়ার মতো। বনের প্রাণীরাও এই সুযোগে বাড়িয়ে ফেলেছে তাঁদের মুক্তাঞ্চলের সীমানা। মাঝেমধ্যেই জঙ্গল লাগোয়া লোকালয়ের ধারেকাছে চলে আসছে তারা। এর আগে এমনভাবেই বেরিয়ে আসা হরিণ উদ্ধার করেছে বন দফতর। ময়ূরটিও লোকালয় লাগোয়া জঙ্গলে ঘোরাফেরা করছিল বলেই বনকর্মীদের অনুমান।