দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম : অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে ফের ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক ছড়াল।
বুধবার ঝাড়গ্রামের নতুন পুলিশ লাইনের পিছনের জঙ্গলের রাস্তায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন বাসিন্দা একটি নালার ধারে নরম কাদা মাটিতে অনেকগুলি পায়ের ছাপ দেখতে পান। ডিয়ার পার্ক লাগোয়া কৃষ্ণনগর মৌজার জঙ্গল রাস্তার নরম মাটিতেও এরকম আরও পায়ের ছাপ পাওয়া যায়। ওই পায়ের ছাপগুলি বাঘের বলে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে বনকর্মীরা গিয়ে পায়ের ছাপগুলি পরীক্ষা করেন। পায়ের ছাপ মেল করে পাঠানো হয় কলকাতার বন্যপ্রাণ বিশেষজ্ঞদের। খুঁটিয়ে পরীক্ষা করে বিশেষজ্ঞরা জানিয়ে দেন, সেগুলি নেকড়ের পায়ের ছাপ।
তারপরেই ঝাড়গ্রামবাসীর আতঙ্ক দূর করলেন ঝাড়গ্রামের ডিএফও বসবরাজ হল্লাইচি । বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘‘অহেতুক আতঙ্কের কিছু নেই। ওগুলো নেকড়ের পায়ের ছাপ। ঝাড়গ্রামের জঙ্গলে অনেক নেকড়ে আছে। প্রায়ই তারা রাতের দিকে জঙ্গল রাস্তায় ঘুরে বেড়ায়। বৃষ্টির জন্য মাটি নরম থাকায় পায়ের ছাপ গুলি পড়েছিল।’’
ঝাড়গ্রামে অজানা জন্তুর পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক অস্বাভাবিক কিছুই নয় । ২০১৮ সালে লালগড়ের জঙ্গলে প্রথমে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়েছিল। তারপরে অবশ্য লালগড়ের জঙ্গলে বাঘ দেখা যায়। পরে মিলেছিল একটি বাঘের দেহ। তার শরীরে বহু আঘাতের চিহ্ন মেলে। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যজুড়ে। এই বছরই বেলপাহাড়ি ব্লকের বিনপুর থানার অন্তর্গত মালাবতী জঙ্গলে ফের বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঘ ধরার জন্য সুন্দরবন থেকে বাঘ বিশেষজ্ঞরা এসেছিলেন। মালাবতীর জঙ্গলে বসানো হয়েছিল দুটি খাঁচা। পরে অবশ্য বন দফতর দাবি করে অজানা জন্তুটি বাঘ হয়ে থাকলে ঝাড়খণ্ড রাজ্যে চলে গিয়েছে ।