দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: একে করোনা পরিস্থিতি। তায় উমফান। জোড়া ফলায় বিপর্যস্ত সুন্দরবনের বেশিরভাগ মানুষ। এই পরিস্থিতিতেই এক গৃহস্থবাড়িতে হানা দিয়ে মেয়ের বিয়ের জন্য রাখা ৫ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ হাতিয়ে নিল চোরের দল।
২৩ অগষ্ট সকালে সুন্দরবনের বাসন্তী ব্লকের গৌরদাস পাড়া এলাকায় ওই চুরির ঘটনা ঘটে। ২৪ অগষ্ট বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহকর্তা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলেও বৃহষ্পতিবার পর্যন্ত চোরের হদিস করতে পারেনি বাসন্তী থানার পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে, গৌরদাস পাড়ার বাসিন্দা তপন দাস পেশায় ক্ষৌরকর্মী। স্থানীয় কুলতলি বাজারে তাঁর একটি সেলুন রয়েছে। স্ত্রী সুজাতা মেয়ে তনুশ্রী ও ছেলে সৌম্যজিৎ দাসকে নিয়ে সংসার। ছেলে মাধ্যমিক পরীক্ষার্থী। মেয়ে গ্র্যাজুয়েশন শেষ হয়েছে। তাই সেলুন চালিয়েই মেয়ের বিয়ের জন্য একটু একটু করে টাকাপয়সা জমিয়ে সোনার গয়না তৈরি করে বাড়িতে রেখেছিলেন।
অভিযোগ গত ২৩ অগষ্ট সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তাঁর বাড়ির আলমারির লকার খুলে প্রায় পাঁচ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ ১০ হাজার টাকা চোর চুরি করে নিয়ে যায়। দিনের বেলায় এমন ঘটনা ঘটলেও দাস পরিবারের কেউ টের পাননি। আচমকা খাটের নীচে পড়ে থাকা টর্চ তুলতে গিয়ে খাটের তলায় সোনার গয়নার বাক্সগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তখনই জানতে পারেন চুরির ঘটনা ঘটেছে। আর এমন বড়সড় চুরির ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন দাস পরিবারের সদস্যরা। পাশাপাশি দিনের বেলায় এমন চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
তপনবাবু বলেন, “মেয়েকে শিক্ষিত করে ভালোভাবে বিয়ে দেওয়ার জন্য তিল তিল করে টাকা জমিয়ে সোনার গয়না তৈরি করে রেখেছিলাম। সেই গয়না এভাবে চলে গেল। মেয়ের বিয়ে এবার কীভাবে দেব, সেই চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে। এখন তেমন কাজও নেই। দোকানে খরিদ্দার আসাও অনেক কমে গেছে। আর কী পারব ঘুরে দাঁড়াতে?”
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে। চুরির ঘটনার কিনারা করার চেষ্টা চলছে।