দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: করোনা পরীক্ষায় গতি আনতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চলে এল নতুন মেশিন ট্রু নাট। দু’টি মেশিন এসেছে। জানা গেছে, বৃহস্পতিবার থেকেই এই দু’টি মেশিনে পরীক্ষা শুরু হবে। হাসপাতালের সুপার ডাঃ কৌশিক সমাজদার বলেন, ‘‘এই দু’টি মেশিন আসায় এখন আমরা অনেক বেশি রোগীর পরীক্ষা করতে পারব। লকডাউন চলায় মেশিন আসতে সমস্যা হচ্ছিল। এবার চলে আসায় কাজের খুব সুবিধা হবে। খুবই প্রয়োজনীয় মেশিন এটি।’’
উত্তরবঙ্গের সমস্ত জেলা তো বটেই, সিকিম থেকেও করোনাভাইরাস আছে কি না পরীক্ষার জন্য নমুনা আসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। খুব সম্প্রতি মালদহে করোনা পরীক্ষার পরিকাঠামো তৈরি হয়েছে। কিন্তু উত্তরবঙ্গের বাকি জেলা এবং সিকিমের সমস্ত পরীক্ষা উত্তরবঙ্গ মেডিক্যালের ভিআরডি ল্যাবেই করা হয়।
সংক্রমণ ছড়ানোয় এখন পরীক্ষাও বেশি হচ্ছে। কোনও দিন পরীক্ষার জন্য আসা নমুনার সংখ্যা হাজারও ছাড়িয়ে যায়। মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের ভিআরডি ল্যাবে সাধারণত আরটিপিসিআর পদ্ধতিতে করোনার পরীক্ষা করা হয়। কৌশিকবাবু জানান, এই পরীক্ষা অনেকটা সময় সাপেক্ষ। কখনও কখনও ১২ থেকে ১৪ ঘণ্টার বেশিও সময় লাগছে। দেরি করে রিপোর্ট দিলে করোনা আক্রান্ত রোগীর সহায়ক চিকিৎসা শুরু করতে সমস্যা হচ্ছে। এর ফলে ঝুঁকিও বেড়ে যাচ্ছে।
এ ক্ষেত্রে নতুন ওই মেশিনে পরীক্ষা করা হলে তাড়াতাড়ি রিপোর্ট পাওয়া যাবে বলেই হাসপাতাল কর্তৃপক্ষের আশা। করোনা আক্রান্ত কোনও রোগীর রোগ তাড়াতাড়ি চিহ্নিত করা গেলে চিকিৎসাও দ্রুত শুরু করা যাবে। নতুন ব্যবস্থায় বেশি সংখ্যক পরীক্ষাও সম্ভব হবে।