দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতার সঙ্গে যুগলবন্দি মন্ত্রী গৌতম দেবের গানের। রবীন্দ্র গানের অ্যালবাম প্রকাশ হচ্ছে পর্যটনমন্ত্রী গৌতম দেবের। রবিবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে এই অ্যালবামেরই পোস্টার–টিজার প্রকাশ করলেন মন্ত্রী।
পয়লা জানুয়ারি প্রকাশিত হবে এই অ্যালবাম। সৌমিত্রর আটটি কবিতা রয়েছে ‘এ জীবন পূর্ণ কর’ শীর্ষক অ্যালবামটিতে। আটটি গান গেয়েছেন মন্ত্রীও। এর মধ্যে রয়েছে ‘আগুনের পরশমণি’, ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘আমরা সবাই রাজার মতো’ জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত। মন্ত্রীর গানের সঙ্গে কোরাসে রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দোপাধ্যায়ের স্কুলের শিক্ষার্থীরা।
গানের প্রতি বরাবরই রয়েছে মন্ত্রী গৌতম দেবের অনুরাগ। মাঝে মধ্যে ফেসবুক লাইভে মানুষের অনুরোধে দু–এক লাইন গেয়েও শুনিয়েছেন। সেখান থেকেই অ্যালবাম করার ভাবনাটা শুরু। সমস্ত কাজের ফাঁকেই গত এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন গানের জন্য। অ্যালবামে বাড়তি পাওনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো শিল্পীর উপস্থিতি। এ কথা বললেন মন্ত্রী নিজেই। বলেন, ‘‘ওনার মতো গুণী শিল্পীর সঙ্গে কাজ করতে পেরেছি, এটাই সম্মানের।’’
জানালেন শিলিগুড়িতে এক শিল্পীর কাছে তালিম নিয়েছেন। কলকাতাতেও শিল্পীরা তাঁকে নানাভাবে সাহায্য করেছেন। দীর্ঘ যত্নে আটটি রবীন্দ্রগানই স্বরলিপি মেনে গাওয়ার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত গানের অ্যালবাম সম্পূর্ণ করেছেন মন্ত্রী। এখন মানুষ তাঁর গান কীভাবে নেবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।
বেশ কিছুদিন ধরে প্রস্তুতি চললেও গত ১৫ অগস্ট শিলিগুড়িতে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রথম গান গাইতে দেখা যায় মন্ত্রীকে। তখন থেকেই ফেসবুক সহ সর্বত্র শুরু হয়ে যায় প্রশংসা। অনেকেই উৎসাহিত করেন। আর তারপরেই অ্যালবাম করার চিন্তা মাথায় আসে। ভোট এসে যাচ্ছে। স্বাভাবিক ভাবেই বাড়ছে কর্ম ব্যস্ততা। কখনও দলের প্রচারে, কখনও অন্তর্দ্বন্দ্ব থামাতে ছুটে বেড়াতে হচ্ছে উত্তরবঙ্গের এ জেলা থেকে ও জেলা। তারই মধ্যে সময় করে গানের জন্য সময় বের করেছেন তিনি। যা সমীহ করার মতোই বলে মনে করছেন দলের নেতা কর্মীরা।