দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: স্বাধীনতা দিবসের দিন মাওবাদী পোস্টার পড়ল বেলপাহাড়ির পাহাড় ঘেঁষা গ্রামগুলিতে।
শনিবার ভুলাভেদা থেকে বাঁশপাহাড়ি যাওয়ার রাস্তায় ঝাড়গ্রাম-পুরুলিয়া পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর বাঁকাশোল, শালতল-সহ বিভিন্ন গ্রামের সিপিআই (মাওবাদী) নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। স্বাধীনতা দিবসে কালা দিবস পালনের আর্জি জানিয়ে লেখা এই পোস্টারগুলি ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়।
একসময় মাওবাদীদের ঘাঁটি ছিল ভুলাভেদা, বাঁশপাহাড়ি, বাঁকাশোলের এই সমস্ত অঞ্চল। মাওবাদী আতঙ্কে ঘুম ছুটেছিল স্থানীয় মানুষদের। গুলি-বারুদ-খুন-অপহরণ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। মাওবাদী দমনে যৌথবাহিনীর আনাগোনা ছিল গোটা জঙ্গলমহল জুড়ে। মাওবাদীদের খোঁজে ঘরে ঘরে ঢুকে পুলিশের তল্লাশি, অন্যদিকে মাওবাদীদের হুমকি-হুঁশিয়ারির জেরে স্বাভাবিক জীবনযাত্রা ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল।
২০১১ সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই স্তিমিত হয় জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ। এখন সবই স্মৃতি। তবুও সেই স্মৃতিও আতঙ্কেরই। তাই শনিবার ৭৪তম স্বাধীনতা দিবসের দিন সকালবেলা মাওবাদী পোস্টার মেলায় হারানো আতঙ্ক ফিরে এল। এ দিন সকালে ঘুম ভেঙে বাইরে আসতেই বিভিন্ন বাড়ির দেওয়াল ও গাছের গায়ে পোস্টার গুলি দেখতে পান এলাকার মানুষ। মাওবাদী নামাঙ্কিত পোস্টারকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়ায় বেলপাহাড়ির বিভিন্ন গ্রামে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বেলপাহাড়ি থানার পুলিশ। পোস্টারগুলি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘‘বেশ কিছু পোস্টার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’