দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ডুয়ার্সে ফের উদ্ধার হরিণের শিং। বন দফতর এবং এসএসবি যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করল এক পাচারকারীকে।
বন দফতর ও এসএসবি সুত্রে জানা গেছে, সোর্স মারফত তাঁরা খবর পান বুধবার ডুয়ার্সে প্রাণী দেহাংশ পাচার হবে। খবর পেয়েই ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী, গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী এবং এসএসবির ১৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা নজরদারি শুরু করেন।
দুপুর নাগাদ তাঁরা দেখতে পান জলঢাকা ব্রিজের দিক থেকে একটি মোটরবাইক দ্রুত গতিতে যাচ্ছে। গতিবিধি সন্দেহজনক লাগায় তার পিছু ধাওয়া করলে সেই বাইক আরোহী আরও দ্রুত বাইক চালিয়ে খুনিয়া মোড়ের কাছে এক সাইকেল আরোহীকে ব্যাগটি দিয়ে পালিয়ে যায়। এরপরেই যৌথ বাহিনী ব্যাগ সমেত ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ব্যাগ খুলতেই উদ্ধার হয় হরিণের শিং।
ঘটনায় অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, ‘‘আমরা খুনিয়া মোড়ের কাছ থেকে মহম্মদ তকিরুদ্দিন নামে বছর ৫৫ ওই ব্যক্তিকে গ্রেফতার করি। তার সাইকেলে থাকা ব্যাগ থেকে ১৫ কিলো হরিণের শিং উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তি ক্রান্তি এলাকার ভাণ্ডানীপাড়ার বাসিন্দা। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। তাকে জেরা করে চক্রের অন্যদের খোঁজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে।’’
তিনি জানান, হরিণের শিং মূলত বিদেশে পাচার হয়। সেখানে ঘরে হরিণের শিং সাজিয়ে রাখেন অনেকেই। পাশাপাশি এই শিং দিয়ে বিভিন্ন সৌখিন জিনিসপত্র তৈরি করা হয়। ধূমপান করার জন্য বিভিন্ন ধরনের পাইপও তৈরি হয় হরিণের শিং থেকে। যা সৌখিন ধূমপায়ীরা চড়া দামে কিনে থাকেন। বন্যপ্রাণী হত্যা করে এভাবেই চলছে মানুষের শখ পূরণের বেসাতি।