দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এবার জঙ্গিযোগে গ্রেফতার বীরভূমের এক বাসিন্দা। রাজ্য পুলিশের এসটিএফ বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধৃত নাজিবুল্লাহ (৫০) বীরভূমের পাইকর থানার কাশিমনগর গ্রামের বাসিন্দা। বাড়ি সংলগ্ন ফাঁকা জায়গায় একটি সাইবার কাফে ও চায়ের দোকান আছে তার। ধৃত ব্যক্তিকে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পরেও এনআইএ আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল। যদিও সেই সময় তার কাছে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তাই তাকে ছেড়ে দিয়েছিল এনআইএ।
ইতিমধ্যেই তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে রাজ্য পুলিশের। ফের নজরদারি শুরু করে এসটিএফ। এসটিএফের গোয়েন্দাদের অভিযোগ, সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের মাধ্যমে সন্দেহজনক কাজকর্ম চালাচ্ছিল নাজিবুল্লাহ। অল্পবয়সী ছেলেমেয়েরাই ছিল তার টার্গেট। টাকার লোভ দেখিয়ে তাদের মগজধোলাইয়ের কাজ করতো সে। এসটিএফের নজরদারি কড়া হতেই তার জঙ্গি যোগাযোগের বিষয়টি মোটামুটি পরিষ্কার হয়ে যায়।
এরপরেই এসটিএফ ও জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে। বাড়িতে স্ত্রী ও মেয়ে রয়েছে নাজিবুল্লাহ। তার পরিবারের লোকজনের দাবি, দোকান চালিয়ে জীবনজীবীকা নির্বাহ করেন তিনি। কোনওভাবেই সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে তার যোগ নেই।