শেষ আপডেট: 26 March 2020 10:43
গত শনিবার রাতে লক্ষ্মীপুর গ্রাম থেকে দলটি কাটোয়া স্টেশনে পৌঁছয়। কিন্তু ভাগলপুর যাওয়ার কোনও ট্রেন না পেয়ে কাটোয়া স্টেশন চত্বরেই আশ্রয় নেয়। রেল পুলিশের মাধ্যমে সেই খবর পেয়ে শ্রমিকদলের দু’বেলা খাবারের ব্যবস্থা করে কাটোয়া পুরসভা। বুধবার সন্ধ্যায় কাটোয়ার মহকুমাশাসক প্রশান্ত রাজ শুক্লা ও এসডিপিও ত্রিদিব সরকারের উদ্যোগে রাজ্যের পরিবহণ দফতরের দুটি বাসে শ্রমিকদের ওই দলটিকে ভাগলপুরের দিকে রওনা করিয়ে দেওয়া হয়। স্বস্তির শ্বাস ফেলেন ওই শ্রমিকরা।
কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না সন্তোষ কুমার, মিনা দেবীদের। তাঁদের বাস ঝাড়খণ্ড সীমান্তে পৌঁছাতেই ওই রাজ্যের প্রশাসন বাস আটকে দেয়। বাধ্য হয়ে ওই শ্রমিকদের নিয়ে কাটোয়ায় ফেরত আসে বাস দু’টি। খবর পেয়ে কাটোয়ার মহকুমা প্রশাসন আপাতত সেখানকার কমিউনিটি হলে ওই শ্রমিকদের থাকার ব্যবস্থা করে। সেই সঙ্গে প্রশাসনের তরফ থেকে ওই শ্রমিকদের খাবার ও চিকিৎসারও ব্যবস্থা করা হয়। মাথা উপর ছাদ ও খাবারের ব্যবস্থা হলেও স্বস্তি পারছেন না ভাগলপুরের দলটি। ঘরে ফেরার জন্য রীতিমতো কাতর হয়ে পড়েছেন তাঁরা।