দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: মায়াপুরের ইসকন মন্দিরেও বড়দিনের আবহ। ৮ ফুটের একটি বিশালাকার নিরামিষ কেক বানিয়েছেন মায়াপুরের একটি বেসরকারি সংস্থা। সেই কেক কেটেই মায়াপুরের ইসকন মন্দিরে শুরু হয়ে গেল বড়দিনের সেলিব্রেশন।
গতকাল সংস্থার পক্ষ থেকে মায়াপুর মন্দিরেই বেক করা হয় এই বিশালাকার কেক। আদ্যন্ত নিরামিষ। ৫০ কেজি ওজনের ৮ ফুট লম্বা এই বিশাল কেক তৈরি দেখতে ভিড় জমে যায়। জানা গেছে, প্রায় ১২ জন কর্মী মিলে ৩ ঘন্টার চেষ্টায় তৈরি করেছেন কেকটি। তারপর ইসকনের গুরুকুলের ছাত্রদের নিয়ে কেটে বড়দিনের উৎসব পালন করা হয়।
প্রস্তুতকারী সংস্থার পশ্চিমবাংলার কর্ণধার জানান, প্রতিবছর বিভিন্ন জায়গাতে তাঁরা সেলিব্রেশন করে থাকেন। এবছর মায়াপুরকে বেছে নেওয়া হয়েছে। কোভিড আতঙ্কে গোটা বছরই এবার ম্লান। বছরের শেষে গুরুকুলের ছাত্রদের দিয়ে এমন একটি অভিনব কেক কেটে সেলিব্রেশন করতে পেরে খুশি ইসকন কর্তৃপক্ষও। ইসকনের দাবি, এতদিন তাঁদের মন্দির কর্তৃপক্ষের তরফ থেকেই কেক তৈরি হতো। কিন্তু কেক প্রস্তুতকারী সংস্থার তৈরি কেক কাটা হল। সবার সামনে এত বড় একটা কেক তৈরি করাও রীতিমতো অভিনব বলে মনে করছেন তাঁরা। কেক কেটে আর খেয়ে তো খুশি বটেই, এমন কেক বানানো দেখেও রীতিমতো আনন্দ পেয়েছে গুরুকুলের ছোটরা।