দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্কুলের মধ্যে এক শিক্ষিকাকে মারধর করার অভিযোগ উঠল প্রধানশিক্ষকের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা ওই শিক্ষক ও শিক্ষিকাকে ঘরে আটকে পুলিশকে খবর দেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার উত্তর কালুপুর আনন্দ সংঘ প্রাইমারি স্কুলে।
খবর পেয়ে স্কুলে ছুটে আসেন ওই শিক্ষিকার স্বামী। তিনি বলেন, ‘‘স্কুলের প্রধানশিক্ষক আমার স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছেন। আমরা থানায় অভিযোগ জানিয়েছিলাম। তারপরেও প্রধান শিক্ষক আমার স্ত্রীর সঙ্গে সম্পর্কে স্থাপনের জন্য চাপ সৃষ্টি করে। আজ আমার স্ত্রীকে স্কুলের মধ্যে উত্ত্যক্ত করে মারধর করে ওই শিক্ষক।’’
অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। স্থানীয় বাসিন্দারা জানান, আনন্দ সংঘ প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। ওই শিক্ষিকা প্রায় ১০ বছর ধরে স্কুলে শিক্ষকতা করছেন। বছর তিনেক হল অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুলে যোগদান করেন৷
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘‘ওই শিক্ষক শিক্ষিকা মাঝেমধ্যেই স্কুলের মধ্যে মারামারি করে৷ আজও মারামারি করছিল। আমরা তাদের আটকে রেখে পুলিশে খবর দেই।’’
এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। স্কুলের অন্য শিক্ষকরা অবশ্য এ বিষয়ে মুখ খোলেননি।