দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: করোনা আশঙ্কায় হজ করে ঘরে ফেরা পুণ্যার্থীদের বাড়ি বাড়ি পৌঁছে গেল স্বাস্থ্য দফতরের বিশেষ দল। ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: আজিজুল লস্করের নেতৃত্বে ওই মেডিকেল টিম হজ ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
সপ্তাহ তিনেক আগে হরিহরপাড়ার বিভিন্ন গ্রাম থেকে পঞ্চাশের বেশি পুরুষ ও মহিলা হজ করতে সৌদি আরবের মক্কায় যান। তার কিছুদিন পরেই করোনা ভাইরাসের আতঙ্ক ক্রমশ বাড়তে শুরু করে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েন জেলা প্রশাসনের কর্তারা। রাজ্য সরকারের নির্দেশ মেনে মুর্শিদাবাদ জেলা থেকে সৌদি আরবে যাওয়া পুণ্যার্থীদের নামের তালিকা তৈরি করা হয়। খতিয়ে দেখা হয় হরিহরপাড়ার পুণ্যার্থীদের তালিকাও।
হজ সেরে ১১ মার্চ বাড়ি ফিরে আসার কথা থাকলেও হরিহরপাড়ার পুণ্যার্থীরা বাড়ি ফেরেন ১৫ তারিখ। তারপরেই আর সময় নষ্ট না করে তাঁদের বাড়ি বাড়ি পৌঁছে যায় স্বাস্থ্য দফতরের বিশেষ দল। আজিজুল লস্কর বলেন, “সর্তকতামূলক ব্যবস্থা নিতেই তড়িঘড়ি এই হজযাত্রীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হল। বেশ কিছুদিন তাঁরা আরবে ছিলেন। স্বাভাবিকভাবেই এই পরীক্ষা অত্যন্ত জরুরি ছিল।” শারীরিক পরীক্ষার পর ওই হজযাত্রীরা একেবারে নিরাপদ বলে জানিয়ে দেন তিনি।
এই মুহূর্তে জেলার আরও পুণ্যার্থী হজের জন্য মক্কায় রয়েছেন। তবে তাঁদের সংখ্যা ঠিক কত, সেই পরিসংখ্যান নেই জেলা প্রশাসনের কাছে। তাই এই সংখ্যা নির্ণয়ের চেষ্টা চলছে। জেলার সংখ্যালঘু বিষয়ক জেলা কর্মকর্তা সুমন পোদ্দার জানান, এই পুণ্যার্থীদের বেশিরভাগই এজেন্টদের ধরেই মক্কায় যান। তাই বুধবার জেলার সমস্ত এজেন্টকে ডেকে পাঠানো হয়েছে। তাঁদের কাছ থেকে সংখ্যা জেনে নিয়ে মক্কায় হজ করতে যাওয়া জেলার পুণ্যার্থীদের পরিসংখ্যান তৈরি হবে।