দ্য ওয়াল ব্যুরো, দার্জিলিং: পাহাড়ের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী অসুস্থ মানুষদের জন্য গ্রামে গ্রামে মেডিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্ত নিল জিটিএ। স্বাস্থ্য দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার থেকে সঞ্জীবনী স্বাস্থ্য সেবা নামে একটি প্রকল্প চালু করা হয়।
জিটিএ চেয়ারম্যান অনিত থাপা জানান, যাঁরা করোনা নয়, অন্য রোগে আক্রান্ত মূলত তাঁদের কথা ভেবেই এই পরিষেবা চালু করা হয়েছে। তিনি বলেন, ‘‘অসুস্থ হয়েও করোনা আতঙ্কে অনেকেই হাসপাতালে দেখাতে আসতে ভয় পাচ্ছেন। বিভিন্ন হাসপাতালে আসা রোগীর সংখ্যা ৭০ শতাংশ কমে গেছে। তার মানেই সবাই সুস্থ আছেন, এটা ভাবার কোনও কারণ নেই। আসলে সংক্রমণের আশঙ্কায় হাসপাতালে আসতে ভয় পাচ্ছেন তাঁরা। তাঁদের কথা ভেবেই এই প্রকল্প চালু করা হল। এবার থেকে গ্রামে গ্রামে গিয়ে অসুস্থ মানুষদের চিকিৎসা করবে মেডিক্যাল টিম।’’
এদিকে দার্জিলিঙের বিভিন্ন এলাকার করোনা পরিস্থিতি মঙ্গলবার ঘুরে দেখলেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। সবজি বাজারে গিয়ে মানুষের সচেতনতা দেখে তারিফও করেন কেন্দ্রীয় দলের সদস্যরা। এদিন চকবাজারে গিয়ে পথচলতি মানুষজনের সঙ্গেও কথা বলেন। কত সংখ্যক দোকান খোলা রয়েছে, সে ব্যাপারে খোঁজ খবর নেন। একটি শপিং মলের ভিতর নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকতে দেখে উষ্মাও প্রকাশ করেন কেন্দ্রীয় দলের সদস্যরা। জেলা প্রশাসনকে বিষয়টি জানাবেন বলে জানান তাঁরা।
দার্জিলিং জেলা হাসপাতালও পরিদর্শন করে প্রতিনিধি দলটি। দলের এক সদস্য জানান, হাসপাতাল সুপারের সঙ্গে কথা হয়েছে তাঁদের। এই মুহূর্তে কোনও করোনা রোগী হাসপাতালে ভর্তি নেই বলে জানতে পেরেছেন তাঁরা।