দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন রতুয়া ১ ব্লকের চার শ্রমিক। মাসখানেক আগে ভাদো বটতলা গ্রামের আব্দুল মান্নান( ৪৫) আব্দুল আজিজ(৩৫) হবিবুর রহমান(২৯) এবং কাহালা আশুটোলা গ্রামের মহম্মদ জাহির(৩৫) নামের চারজন হিমাচলপ্রদেশে মজুরের কাজ করতে যান।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সেখানে টাওয়ার শ্রমিকের কাজ করতেন ওই চারজন। বুধবার সকালে বাসস্থান থেকে ট্রাক্টরে করে সরঞ্জাম নিয়ে কাজের জন্য রওনা দেন। মাঝপথে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে একটি গর্তে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ জাহির, হাবিবুর রহমান ও আব্দুল মান্নানের। গুরুতর আহত অবস্থায় আব্দুল আজিজকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা শুরু হয়। তবে শেষ রক্ষা হয়নি। বিকেল চারটে সময় মারা যান তিনিও। হবিবুর রহমান ও আব্দুল আজিজ সম্পর্কে দু ভাই।
বৃহস্পতিবার হিমাচলপ্রদেশ থেকে টেলিফোনে মৃত্যু সংবাদ দেওয়া হয় তাদের। শুক্রবার দুপুর দু’টো নাগাদ হিমাচলপ্রদেশ থেকে মৃতদেহ এসে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবারের সদস্যরা। এ দিন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন। প্রত্যেকটি পরিবারকে কুড়ি হাজার টাকার চেক তুলে দেন। তিনি জানান, এই পরিবারগুলির পাশে থাকবেন তাঁরা। আগামী দিনে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।