দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: লকডাউন ঘোষণা হতেই কলকাতা থেকে ওড়িশায় বাড়িতে ফিরে যাচ্ছিলেন সাতজন। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদেরই চারজনের। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।
সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার নেকুর্সেনি এলাকায় চার চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের, আহত হয়েছেন তিনজন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গাড়ির আরোহীদের। সেখানে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত তিনজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
চাকা ফেটে গিয়েই এই বিপত্তি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। চাকা ফেটে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে ওই প্রাইভেট গাড়িটি। জানা গেছে আরোহীদের সবাই কলকাতায় পুরোহিতের কাজ করতেন। এই শহরে লকডাউন ঘোষণা হতেই বালেশ্বরে বাড়ি ফিরে যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে গাড়িচালক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।