দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ফের আগুনে পুড়ল বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র শুশুনিয়া। শুক্রবার সন্ধ্যার কিছু আগে পাহাড়ে আগুন দেখা যায় অনেক দূর থেকে দেখা যায় দাউদাউ আগুন।
নতুন বছরের শুরুতে এখন প্রচুর পর্যটকের ভিড় শুশুনিয়া পাহাড়ে। পাহাড়ে উঠে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। সেই সময় জঙ্গলে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
গত বছর এপ্রিল মাসেও বাঁকুড়ার এই পাহাড়ে আগুন লাগে। বেশ কয়েকদিন পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফের এবার নতুন করে পর্যটন মরসুমে শুশুনিয়া পাহাড়ে কী করে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পাহাড়িয়া জঙ্গলে থাকা অসংখ্য গাছ ও পশু পাখি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার রাতের অন্ধকারে আগুন জ্বলতে দেখা গেলেও শনিবার সকাল থেকে অবশ্য আগুন বা ধোঁয়া নজরে আসেনি। তার মানেই যে আগুন নিভে গেছে, মানতে নারাজ জঙ্গলের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, একে দিনের আলো ফুটেছে জঙ্গলে। তায় গাঢ় কুয়াশা রয়েছে। এমন অবস্থা্য় দূর থেকে হয়তো আগুন বোঝা যাচ্ছে না। আগুন নিভেছে কি না বোঝা যাবে রাতে।
ছোটনাগপুর অঞ্চলের ৪৪৮ মিটার উঁচু এই পাহাড়ে রয়েছে অসংখ্য গাছগাছালি। ঔষধি গাছের বিপুল সম্ভারও রয়েছে এই শুশুনিয়ায়। এই অগ্নিকাণ্ডের ফলে তার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে বন দফতর। জঙ্গলে রয়েছে মাঝারি ও ছোট নানা পশুপাখি। গোটা পাহাড়ে আগুন ছড়ানোয় তাদের কতটা ক্ষয়ক্ষতি হল তা নিয়েও দুশ্চিন্তার ভাঁজ বনকর্তাদের কপালে।
বন দফতর ও দমকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে জঙ্গল বাঁচাতে নামেন এলাকার মানুষদের নিয়ে তৈরি বন কমিটির সদস্যরা। জঙ্গলের আগুন নেভানোর তেমন পরিকাঠামো নেই, তবু আবেগ সম্বল করে চলে লড়াই। কীভাবে এই আগুন লাগে, বিষয়টি স্পষ্ট নয় কারও কাছেই।