‘ওমচু’ পুজোর শেষে বর্ষবরণের উৎসবে মেতে উঠল মাদারিহাটের টোটোপাড়া
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বর্ষা শেষে ওমচু পুজো আর তারপরেই বর্ষবরণের উৎসবে মেতে উঠল টোটোপাড়া। নিজেদের প্রকৃতির সন্তান হিসেবে ভাবতেই ভালবাসেন টোটোরা। ওমচু পুজোর চারদিন মুলত পাহাড়, নদী-নালা, গাছ আর প্রকৃতির বন্দনা করেন টোটোরা। চারদিনের পুজ
শেষ আপডেট: 12 September 2020 16:22
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বর্ষা শেষে ওমচু পুজো আর তারপরেই বর্ষবরণের উৎসবে মেতে উঠল টোটোপাড়া। নিজেদের প্রকৃতির সন্তান হিসেবে ভাবতেই ভালবাসেন টোটোরা। ওমচু পুজোর চারদিন মুলত পাহাড়, নদী-নালা, গাছ আর প্রকৃতির বন্দনা করেন টোটোরা। চারদিনের পুজো শেষে আজ শনিবার থেকে শুরু হয়েছে বর্ষবরণের উৎসব।
মঙ্গলবার থেকে টোটো পাড়ায় টোটোদের ধর্মীয় স্থান ‘দেমশা’কে ঘিরে শুরু হয় উৎসব। সেখানে যত্ন করে রাখা দুই ঢোল সাইঞ্জা ও ঈশপাকে এই সময় বিয়ে দেওয়া হয়। এই দুই ঢোলই টোটোদের দেব ও দেবী। টোটোরা মূর্তি পুজায় বিশ্বাস করেন না। বৃহস্পতিবার তাঁদের ঘরে ঘরে বলি হয়েছে মোরগ ও মুরগি। এরপর চলে সেই মাংস ও ভাত আত্মীয়স্বজন ও পড়শিদের বাড়ি বাড়ি বিলি করার পালা।
টোটোপাড়ার বাসিন্দা সঞ্জীব টোটো বলেন, ‘‘ওমচু পুজোর পর আমরা কচু, কাগজি লেবু, নতুন আদা সহ বিভিন্ন ফল মূল খাওয়ার অনুমতি পাই। আর উনিশ দিন পর মায়ু পুজোর পর জামবুড়া, কমলালেবু খেতে পারব। আমাদের পূর্বপুরুষরা বিজ্ঞানসম্মত কারণেই এই সব রীতিনীতি তৈরি করেছিলেন। এই ওমচু পুজো মুলত বর্ষা শেষের ইঙ্গিত দেয়। বর্ষায় দুর্যোগের কারণে আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ কিছুটা বিচ্ছিন্ন থাকে। ওমচু পুজোয় তা নতুন করে ঝালিয়ে নেওয়ার পালা।’’

ওমচু পুজো আর বর্ষবরণ উৎসব উপলক্ষে উচ্ছাসে ভাসছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া মাদারিহাট ব্লকে ভুটান পাহাড়ের কোলে টোটোদের গ্রাম টোটোপাড়া। ভারতে একমাত্র এই টোটো পাড়াতেই সংগবদ্ধভাবে পৃথিবীর আদিম জনজাতি টোটোরা বসবাস করেন। ওমচু পুজার উনিশ দিন পর টোটোপাড়াতে হবে 'মায়ু' পুজো। আর তারপরেই জীবনধারণের নানা বিধিনিষেধ থেকে মুক্ত হবেন টোটোরা। ফলে সব মিলিয়ে এখন উৎসবমুখর টোটো পাড়া। টোটোপাড়ার বাসিন্দা ভবেশ টোটো বলেন, ‘‘ধান, মারুয়া লাগানো শেষ। ওমচুতে আমরা পাহাড়, নদী, বাতাস, সূর্য, গাছের পুজো করি। টানা চার দিনের ওমচু পুজাতেও দুর্গা পুজার মতোই রয়েছে নানান রীতিনীতি ও উপাচার। শুক্রবার ওমচু পুজার সব রীতিনীতি শেষ হয়েছে। শনিবার থেকে শুরু হয়েছে বর্ষবরণের উৎসব।’’
২০১১ সালের জনগণনা অনুসারে টোটোপাড়াতে টোটো জনজাতির মানুষের সংখ্যা ১৫৮৫ জন। এই মানুষদের মধ্যে পুরুষের আধিক্য বেশি। টোটোপাড়াতে পুরুষের সংখ্যা ৮২২ জন। মহিলার সংখ্যা ৭৬৩ জন। একসময় টোটোপাড়াতে টোটোদের সংখ্যা কমে যাচ্ছিল। বিষয়টি নিয়ে গোটা ভারতে ব্যাপক হইচই শুরু হয়েছিল। বর্তমানে টোটোপাড়ার টোটো জনজাতির মানুষের সংখ্যা কিছুটা বেড়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।