দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এবার ঘরের কাছে এসে দুর্ঘটনার কবলে পড়লেন পরিযায়ী শ্রমিকদের একটি দল। বুধবার একটি ট্রাকে করে মুম্বই থেকে ফিরছিলেন এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ওই দলটি। বেলা দেড়টা নাগাদ সিউড়ির তিলপাড়ার কাছে একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। জখম হন আটজন শ্রমিক। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কাজের খোঁজে মুম্বই গিয়েছিলেন বীরভূমের মল্লারপুরের বাসিন্দা বেশ কয়েকজন যুবক। দীর্ঘ লকডাউনের ফলে কাজ হারিয়েছিলেন তাঁরা। আয় না থাকায় প্রতিদিনের খাবার জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হয়। দীর্ঘ চেষ্টায় অবশেষে রাজ্যে ফিরতে পারলেন। কিন্তু ঘরে ফেরার মুখেই দুর্ঘটনা।
ট্রাকটিতে মোট ৫৫ জন শ্রমিক ছিলেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে বীরভূম ছাড়াও মুর্শিদাবাদের বাসিন্দারাও রয়েছেন। আহত শ্রমিকরা অবশ্য সবাই বীরভূমের মল্লারপুরের লোক বলে পুলিশসূত্রে জানা গেছে। সিউড়ি সদর হাসপাতালে আহত আট শ্রমিকের চিকিৎসা চলছে। বাকিদের বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।