
শেষ আপডেট: 5 March 2020 08:31
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া : দোল উৎসব শুরু হয়ে গেছে মায়াপুরের ইসকন মন্দিরে। সেজে উঠেছে গোটা শহর। মণ্ডল পরিক্রমা সেরে বৃহস্পতিবারই মূল মন্দিরে ফিরবে বিভিন্ন কীর্তনের দল। এত আয়োজনেও কোথাও যেন এ বার ছন্দপতন। করোনা ভাইরাস ছড়িয়েছে বিভিন্ন দেশে। তাই বিদেশি পর্যটকের সংখ্যা এবার অর্ধেকেরও কম। চিন থেকে প্রায় কারওই যোগ দেওয়া হল না মায়াপুরের দোল উৎসবে।
শ্রীচৈতন্য মহাপ্রভুর এ বার ৫৩৪ তম আবির্ভাব তিথি। তাঁর জন্মতিথি পালন উপলক্ষে প্রতিবারই এই সময় উৎসবমুখর হয়ে ওঠে মায়াপুর। দোল তাতে যোগ করে বাড়তি মাত্রা। এক মাস ধরে চলে উদযাপন। বিশ্বের নানা দেশ থেকে ছুটে আসেন ভক্তরা। এ বারও ২৭ ফেব্রয়ারি থেকে প্রথা মেনে শুরু হয়েছে মণ্ডল পরিক্রমা। নবদ্বীপ অর্থাৎ শ্রীচৈতন্য ভূমি যে ন’টি দ্বীপের সমষ্টি বলে মনে করা হয়, সেই শ্রীসীমন্তদ্বীপ, গোদ্রুমদ্বীপ, শ্রীমধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জহ্নুদ্বীপ, মোদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, শ্রীঅন্তদ্বীপ পরিক্রমায় বেরিয়ে পড়েছেন ভক্তরা। দেশি বিদেশি ভক্তদের কীর্তনের সুরে মেতে উঠেছে গোটা অঞ্চল। সমস্ত দ্বীপে রাত্রিবাস করে ও হরিনাম সংকীর্তন সেরে মূল মন্দিরে ফিরে আসার পালা শুরু হয়েছে ভক্তদের।
কিন্তু সেই উৎসবের আবহে এ বার যেন মনখারাপের মেঘ। মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রমেশ দাস বলেন, “অন্যান্য বারের তুলনায় এ বছর বিদেশি ভক্তদের সংখ্যাটা অনেক কম। বিশেষ করে চিন থেকে আসতে পারছেন না কেউই। সে দেশের ভক্তরা ভিসার আবেদন করলেও করোনা ভাইরাস নিয়ে সতর্কতার জন্য এ দেশে ঢুকতে পারছেন না। মায়াপুরের দোল উৎসবে আসতে না পেরে তাঁদের মন খারাপ। খারাপ লাগছে আমাদেরও।”
সামনের সপ্তাহের গোড়াতেই দোল। ঐতিহ্যের এই উৎসব শান্তিপূর্ণ আর রঙিন করে তুলতে এখন ইসকন মন্দির কর্তৃপক্ষের ব্যস্ততা তুঙ্গে। তারই মধ্যে রয়েছে করোনার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পালাও। সবই চলছে। তবুও প্রতিবার মায়াপুরের দোলের টানে ছুটে আসেন যাঁরা, তাঁদের অনেকেই অনুপস্থিতি যেন বিঁধছে কাঁটার মতো।