দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: মঙ্গলবার বিকেল থেকে জ্বলছে জেলার 'ফুসফুস' হিসেবে পরিচিত শুশুনিয়া পাহাড়। এরইমধ্যে পরপর দু’বার ভূমিকম্প অনুভূত হল বাঁকুড়ায়। বুধবার সকালে কম্পন টের পেতেই আতঙ্কিত হয়ে পড়েন লকডাউনের জেরে ঘরবন্দি মানুষ। দিশেহারা হয়ে রাতারাতি রাস্তায় নেমে আসেন তাঁরা। জেলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
প্রথম কম্পন অনুভূত হয় ১১টা ১৯ মিনিটে। এর উৎসস্থল লাক্ষাদ্বীপ বলে জানা গেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। কম্পন স্থায়ী হয় ২ সেকেন্ড। দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় ১১ টা ২৪ মিনিটে। এর উৎসস্থল দুর্গাপুর থেকে ২১ কিমি পশ্চিমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।
একে লকডাউন চলছে। তার উপর মঙ্গলবার রাত থেকে শুশুনিয়া পাহাড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ে উদ্বিগ্ন ছিলেন জেলার প্রশাসনিক কর্তারা। এরমধ্যে আবার ভূমিকম্প অনুভূত হওয়ায় তাঁদের উদ্বেগ বাড়ে আরও। তবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে দু’বার ভূমিকম্পে গোটা জেলা কেঁপে উঠলেও কেউ হতাহত হননি বলেই খবর। উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। বাঁকুড়ার জেলাশাসক অরুণপ্রসাদ জানান, পুরো জেলার পরিস্থিতিই খতিয়ে দেখছেন তাঁরা।